Site icon CPLUSBD.COM

র‌্যাবের পৃথক অভিযানে ৩৪ জন দালাল ও প্রতারককে ২ লাখ টাকা জরিমানা

র‌্যাবের পৃথক অভিযানে ৩৪ জন দালাল ও প্রতারককে ২ লাখ টাকা জরিমানা

সিপ্লাস প্রতিবেদক:  চট্টগ্রামের বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) আঞ্চলিক কার্যালয় ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং ফেনী জেলার ফেনী সদর থানাধীন ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে দালাল ও প্রতারক চক্রের ৩৪ সদস্যকে জরিমানা ও বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়।

রবিবার (৫ সেপ্টেম্বর)পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, সায়েদ, মোঃ জসিম,  মোহাম্মদ রাসেদ,  মোহাম্মদ তৈয়ব আলী,  মোহাম্মদ ফারুক,  মোঃ মোজাম্মেল হক,  মোঃ মিনহাজ উদ্দিন,  অমল বিশ্বাস,  আমিনুল ইসলাম,  আলী আজম,  মোহাম্মদ মিজানুর রহমান,  মোঃ ইসমাইল,  বিজয় নাথ,  মোঃ কাসেম চৌধুরী,  মোহাম্মদ সেলি,  মোঃ শাহাদাত হোসেন,  মোঃ ফারুক,  মোহাম্মদ শাফায়েত,  সাজ্জাদ হোসেন,  মোখছেদুল আলম, মোঃ আকবর হোসেন, মোঃ ইকবাল মিয়া,  বাদল দাস, মোঃ সালাউদ্দিন, মোঃ রাসেল হোসেন, মোঃ আবুজাফর, সাইফুল ইসলাম,  তরুন শর্মা,  মোঃ রফিকুল ইসলাম, প্রশান্ত কুমার সেন, ফিরোজ হোসেন এবং মমিনুল হক।

র‌্যাব ৭ এর  সিনিয়র সহকারী পরিচালক(মিডিয়া) মোঃ নূরুল আবছার তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ রোড ট্রান্সপার্ট অথরিটি (বিআরটিএ) এর আঞ্চলিক কার্যালয়ে এ দূর-দূরান্ত থেকে আসা সাধারণ গ্রাহকদের বিভিন্ন প্রয়োজনে শিক্ষানবীশ ড্রাইভিং লাইসেন্স ইস্যু, ড্রাইভিং লাইসেন্স নবায়ন, মোটরযানের রেজিস্ট্রেশন, মালিকানা বদলী, রুট পারমিট ইস্যু ও নবায়ন, ফিটনেস নবায়ন করার নাম করে এক শ্রেণির দালাল ও প্রতারক চক্র সরকার ঘোষিত নির্ধারিত ফি এর অতিরিক্ত অর্থ হাতিয়ে নিচ্ছে। উক্ত তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ২১জনকে আটক করা হয়।

এ সময় দালাল ও প্রতারক চক্র সদস্যদের মধ্যে ২০ জনকে ১,৬০,৫০০ টাকা জরিমানা এবং একজনকে ৩ দিনের কারাদন্ড প্রদান করা হয়।

জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা বিআরটিএ আঞ্চলিক কার্যালয়ে আসা গ্রাহকদের বিভিন্ন সমস্যা অতি দ্রুত সমাধানের নাম করে অতিরিক্ত অর্থ আদায় ও অর্থ নিয়ে পলায়নসহ বিভিন্ন প্রতারণার মাধ্যমে ভোগান্তি সৃষ্টি করে আসছে।

অন্যদিকে অপর একটি তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় দূর-দূরান্ত থেকে আসা রোগীদের অসহায়ত্বের সুযোগ নিয়ে এক শ্রেণির দালাল ও প্রতারক চক্র অসাধুভাবে ন্যায্যমূল্যে ঔষধ কেনার নামে বেশী দামে ঔষধ ক্রয়, স্লীপ কেড়ে নিয়ে চার পাঁচ গুণ বেশি দামে ঔষধ ক্রয়, সুকৌশলে তাদের পছন্দমত ল্যাবে পাঠিয়ে দিয়ে অর্থ আত্মসাৎ করছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৭ জনকে আটক করে।

এ সময় তাদেরকে মোট ৪০,০০০ টাকা জরিমানা করা হয়।

একইদিনে আরেকটি তথ্যের ভিত্তিতে ফেনী সদর থানাধীন ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল এলাকায় দূর-দূরান্ত থেকে আসা রোগীদের অসহায়ত্বের সুযোগ নিয়ে এক শ্রেণির দালাল ও প্রতারক চক্র অসাধুভাবে ন্যায্যমূল্যে ঔষধ কেনার নামে বেশী দামে ঔষধ ক্রয়, স্লীপ কেড়ে নিয়ে চার পাঁচ গুণ বেশি দামে ঔষধ ক্রয়, সুকৌশলে তাদের পছন্দমত ল্যাবে পাঠিয়ে দিয়ে অর্থ আত্মসাৎ করছে। উক্ত তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৬ জনকে আটক করে।

এসময় তাদেরকে ১,২০০ টাকা জরিমানা করা হয়। দালাল ও প্রতারক চক্রের সদস্যদের বিরুদ্ধে র‌্যাবের এই ধরনের অভিযানে সাধারণ জনগণ স্বস্তি প্রকাশ করেছে।