আদালত প্রতিবেদক: র্যাব পরিচয় দিয়ে ইয়াবা পাচারের সময় সাড়ে ৭ লাখ টাকা মূল্যের ২ হাজার ৫৩৫ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে।
মো. সোহেল রানা (৩৪) নামের এই যুবকে আটক করে র্যাব-৭।
এ সময় ব্যাগ তল্লাশি করে র্যাবের পোশাক সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
গ্রেফতার মো. সোহেল রানা (৩৪) বগুড়া জেলার গাবতলী উপজেলার ভাণ্ডারা গ্রামের আজিজুল হকের ছেলে।
এ তথ্য জানান র্যাব-৭ সিপিসি-৩ এর স্কোয়াড কমান্ডার (গণমাধ্যম) মো. রকিবুল হাসান।
তিনি গণমাধ্যমে জানান, সীতাকুণ্ডের বারৈয়াঢালা এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার অভিযান পরিচালনা করা হয়। এ সময় একজন ব্যক্তিকে ট্রাভেল ব্যাগ নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে তার পরিচয় জিজ্ঞাসা করলে সে নিজেকে র্যাব সদস্য বলে পরিচয় দেয়। সন্দেহজনক আচরণের কারণে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে র্যাব পরিচয় দিয়ে ইয়াবা পাচারের কথা স্বীকার করে। ট্রাভেল ব্যাগ তল্লাশি করে ট্রাভেল ব্যাগ হতে ছোট ছোট কালো ও নীল রংয়ের দুটি কাপড়ের ব্যাগের ভিতর হতে ২ হাজার ৫৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সীতাকুণ্ড মডেল থানায় হস্তান্তর করা হয়। নিয়মিত মামলা দায়ের করে আদালতে আনা হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

