মো: মহিন উদ্দীন: কঠোর লকডাউনে নগরীতে সরকারি বিধিনিষেধ অমান্য করায় ২০০ গাড়ি আটক করেছে ট্রাফিক বিভাগ। এসময় স্বাস্থ্যবিধি অমান্য করার পাশাপাশি যানবাহনের কাগজপত্র সাথে না থাকায় ১৫০টি গাড়ির বিরুদ্ধে মামলা দিয়েছে পুলিশ।

এদিকে নগরজুড়ে কঠোর অবস্থানে ট্রাফিক বিভাগ। বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে লকডাউনের বিধিনিষেধ কার্যকর করতে অভিযান চালায় ট্রাফিক বিভাগ। লকডাউনের আগে যে পরিমাণের গাড়ি আটক ও মামলা দেওয়া হতো সে তুলনায় অনেক কম সংখ্যক গাড়ি আটক ও মামলা দেয়া হচ্ছে দাবী ট্রাফিক বিভাগের।

গত সোমবার ট্রাফিক আইন ভঙ্গ ও সরকারি বিধিনিষেধ অমান্য করার অভিযোগে একদিনে ১৫০টি মামলা দায়ের করেছে ট্রাফিক বিভাগ। এসময় ২০০ যানবাহন আটক করা হয়েছে। আটককৃত এ সব গাড়ির মধ্যে রয়েছে ২৪টি বাস, সিএনজি ২৬টি, থ্রী হুইলার ১২টি, ব্যাটারি চালিত অটোরিকশাসহ মোটর সাইকেল সংখ্যা বেশি আটক করার কথা জানালেন সিএমপির অতিরিক্ত (ট্রাফিক) কমিশনার শ্যামল কুমার নাথ।

তিনি সিপ্লাসকে বলেন, লকডাউনের আগে যে পরিমাণের যানবাহনের মামলা ও আটক হতো তার তুলনায় বর্তমানে করোনা মহামারীর জন্য লকডাউনে তেমন মামলা ও গাড়ি আটক করা হচ্ছে না। তবে লকডাউনের আগের অভিযানে গাড়ির কাগজপত্রের জন্য মামলা দেওয়া হলেই, বর্তমানে সে কাগজপত্রের জন্য তেমন মামলা কিংবা গাড়ি আটক করা হচ্ছে না। শুধু সরকারি বিধিনিষেধ ও ট্রাফিক আইন অমান্য করায় গত সোমবারে ২০০ গাড়ি আটক করা হয়েছে। তার মধ্যে ১৫০টি গাড়ির বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে।








