সিপ্লাস প্রতিবেদক: করোনা ভাইরাসের সংক্রমণ রোধে বৃহস্পতিবার (১ জুলাই) ভোর ৬টা থেকে কঠোর অবস্থান নেবে প্রশাসন। সারাদেশের মত চট্টগ্রামেও মাঠে নামবে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিজিবি, সেনাবাহিনী, আনসার ও পুলিশ। ভোর থেকে বন্ধ করা হবে নগরের সব প্রবেশ পথ। চট্টগ্রাম জেলার অধীন সব সব হাইওয়েতেও চেক পোস্ট বসানো হবে। পাশ্ববর্তী সব জেলা থেকে চট্টগ্রামকে পুরোপুরি বিচ্ছিন্ন করা হবে।
লকডাউন কঠোরভাবে বাস্তবায়ন করতে চট্টগ্রামে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত হবে ভ্রাম্যমাণ আদালতের অভিযান।
চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বুধবার (৩০ জুন) রাতে বলেন, নগরের সার্কিট হাউস থেকে বৃহস্পতিবার (১ জুলাই) সকালে আমাদের অভিযান শুরু হবে। এরপর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তারা কাজ করবেন।
করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে বৃহস্পতিবার থেকে কঠোর বিধিনিষেধ কার্যকর হবে তখন জরুরি সেবা ছাড়া মানুষ ঘর থেকেও বের হতে পারবে না। ১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১৪ টিম কাজ করবে। সেই সঙ্গে এ কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে পুলিশ, বিজিবি, ছাড়াও সেনাবাহিনী টহলে থাকবে। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে যতটুকু সম্ভব, ততটুকু কর্তৃত্ব তাদের দেওয়া হয়েছে। তাদের সঙ্গে ১০০ স্বেচ্ছাসেবক সহযোগিতা করবেন।








