লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতা আবদুল মান্নান ভূঁইয়াকে হত্যার দায়ে তিনজনের ফাঁসির রায় দিয়েছে আদালত।
এছাড়া এ মামলার আরও পাঁচ আসামির যাবজ্জীবন দিয়েছে একই আদালত।
লক্ষ্মীপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শাহেনূর বৃহস্পতিবার এই রায় ঘোষণা করেন।
ফাঁসির দণ্ডাদেশ পাওয়া আসামিরা হলেন সদর উপজেলার চরশাহী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কফিল উদ্দিন (৩৫), একই ইউনিয়নের পিতারকান্দি গ্রামের আবদুর রহমান (৩৮) ও মো. জয়নাল (৪০)।
আর যাবজ্জীবন পাওয়া আসামিরা হলেন ওই গ্রামের মো. জুলফিকার, খোরশেদ আলম, ইয়াসিন আরাফাত রাফি, মো. মুক্তার ও মো. শাহজালাল।
তাদের মধ্যে শুধু কফিল উদ্দিন রায় ঘোষণার সময় আদালতে ছিলেন। অন্য আসামিরা পলাতক।
২০১৪ সালের ২১ মে চরশাহী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আবদুল মান্নান হত্যা মামলায় আদালতের এই রায় আসে।

