যুক্তরাজ্যে নভেল করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে লন্ডন ও ম্যানচেস্টার ফ্লাইট সাত দিনের জন্য বন্ধ করেছে বিমান।
২১ মার্চ থেকে ভারত, সৌদি আরব, কাতার, বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, মালয়েশিয়া, ওমান ও সিঙ্গাপুর-এই ১০ দেশের সঙ্গে বিমান চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ সরকার।
শুক্রবার এই সিদ্ধান্ত জানিয়েছেন রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক মো. মোকাব্বির হোসেন।
নভেল করোনাভাইরাস বৈশ্বিক মহামারী রূপ নেওয়ার পর গত ১৬ মার্চ ইউরোপের সব দেশ থেকে যাত্রী আসা বন্ধ করেছিল বাংলাদেশ; তবে তখন যুক্তরাজ্য থেকে বাংলাদেশে ঢোকার পথ খোলা রাখা হয়েছিল।
কিন্তু সংক্রমণ বেড়ে যুক্তরাজ্যে রোগীর সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে, দেশটিতে কোভিড-১৯ রোগে মৃতের সংখ্যাও পাঁচশ ছাড়িয়েছে। দেশটির প্রধানমন্ত্রীও আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে।
এই পরিস্থিতিতে যুক্তরাজ্যের ফ্লাইট বাতিল করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
মোকাব্বির হোসেন বলেন, “বিমানের লন্ডন ও ম্যানচেস্টারগামী ফ্লাইট আপাতত সাত দিনের জন্য স্থগিতের সিদ্ধান্ত হয়েছে।”
আগামী ২৯ মার্চ ঢাকা থেকে বিমান লন্ডন ও ম্যানচেস্টারে গিয়ে ৩০মার্চ ফিরবে। এরপর ৩১ মার্চ থেকে এই ফ্লাইট সাত দিনের জন্য বন্ধ থাকবে।








