Site icon CPLUSBD.COM

লাইকিতে ঝড় তুলেছেন পলি

সিপ্লাস ডেস্ক: বেশ কিছুদিন আগে লাইকিতে অ্যাকাউন্ট খুলেছিলেন হঠাৎ করেই চলচ্চিত্রাঙ্গন থেকে অন্তরালে চলে যাওয়া ঢাকাই চলচ্চিত্রের চাহিদাসম্পন্ন চিত্রনায়িকাদের অন্যতম নায়িকা পলি। তাতে নিত্য নতুন ভিডিও প্রকাশ করছেন।

অবকাশ যাপনের জন্য কয়েকদিন আগে কক্সবাজারে উড়ে গিয়েছেন পলি। সমুদ্র সৈকতে দারুণ সময় পার করছেন এই নায়িকা। সেখান থেকে একাধিক ভিডিও লাইকিতে প্রকাশ করেছেন। বিচে নেমে গানের সঙ্গে নেচেছেন তিনি।

লাইকিতে এ নায়িকার ফলোয়ারের সংখ্যা চোখে পড়ার মতো। ভক্তদের অসংখ্য লাইক-কমেন্টে ভাসছেন এই নায়িকা।

পলি গণমাধ্যমকে বলেন, অবকাশ যাপনের জন্য এখন কক্সবাজার আছি। এখানে দারুণ সময় পার করছি। লাইকিতে নিয়মিত ভিডিও প্রকাশ করছি। এই মাধ্যমে ভক্তদের ভালোবাসা মুগ্ধ করছে। যে কারণে উৎসাহ নিয়ে ভিডিও তৈরি করি।

মোহাম্মদ হোসেন পরিচালিত ‘ফায়ার’ সিনেমার মাধ্যমে রুপালি জগতে পা রাখেন পলি। তারপর ‘জানোয়ার’, ‘কঠিন পুরুষ’সহ অনেক সিনেমা উপহার দিয়েছেন। চার বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে ১১৩টি সিনেমায় অভিনয় করেছেন তিনি। ওই সময়ের জনপ্রিয় সব চিত্রনায়কের বিপরীতে দেখা গেছে পলিকে।

পলি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘এক নম্বর আসামি’। ২০১২ সালে মুক্তি পায় এটি। রাজু চৌধুরী পরিচালিত এ সিনেমায় পলির বিপরীতে অভিনয় করেন চিত্রনায়ক রুবেল।