নিউজটি শেয়ার করুন

‘লাইভেই’ পড়ে গেল সংবাদ পাঠকের দাঁত

সিপ্লাস ডেস্ক: যান্ত্রিক ত্রুটি, অনাকাঙ্ক্ষিত ঘটনা বা অপ্রত্যাশিত অতিথি- সরাসরি সম্প্রচারের সময় কত কাণ্ডই না ঘটে। কিন্তু খবর পড়তে পড়তে উপস্থাপকের দাঁত খুলে যাওয়ার ঘটনা কি দেখেছেন?

ইউক্রেইনের একটি টেলিভিশন চ্যানেলে সংবাদ পাঠ করছিলেন মারিচকা পাদৌকো। হঠাৎ করেই তার উপরের পাটির ‍সামনের একটি দাঁত খুলে আসে। এ সময় অত্যন্ত পেশাদার আচরণ করেন পাদৌকো। না থেমে দক্ষতার সঙ্গে মুখ থেকে দাঁত হাতে নিয়ে হাসি হাসি মুখে খবর পাঠ চালিয়ে যান তিনি।

পরে ইন্সটাগ্রামে তিনি লেখেন, ‘‘সত্যি বলছি, আমি ভেবেছিলাম কেউ বিষয়টা বুঝতে পারেনি।

‘‘কিন্তু সেটা হয়নি। দর্শক যে এত মনযোগ দিয়ে খবর দেখে সেটা কল্পনা করিনি।”

নিজের পোস্টের নিচে দাঁত পড়ে যাওয়ার মুহূর্তের ভিডিও লিংক দিয়ে দেন তিনি।

প্রায় এক দশক আগে পাদৌকার ছোট্ট মেয়ে দুর্ঘটনাবশত মায়ের দিকে একটি ধাতব ঘড়ি ছুড়ে মরে, যার আঘাতে পাদৌকার দাঁত পড়ে যায়। তারপর থেকে তিনি নকল দাঁত পরতেন।

ইউটিউবে পাদৌকার দাঁত পড়ে যাওয়ার ভিডিওটি ছড়িয়ে পড়লে অনেকে তাকে সমর্থন জানিয়ে মন্তব্য করেন।

‘‘যেকোনো পরিস্থিতিতে শান্ত থাকুন। আগামীকাল সকালে দেখা হবে,” বলে খবর পাঠ শেষ করে পাদৌকো।