সিপ্লাস ডেস্ক: লাক্স তারকা নাজিফা তুষি, অভিনেতা শরিফুল রাজ, খায়রুল বাসারসহ পাঁচজন সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত দুইজন আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর গুলশান অ্যাভিনিউতে এ দুর্ঘটনার শিকার হন এই তারকারা।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে অভিনেতা খায়রুল বাসার বলেন, ‘ঘটনার পর সঙ্গে সঙ্গে আমাদের ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। ভাগ্যক্রমে আমরা বেঁচে গেছি। আমি এখনো ট্রমার মধ্যে আছি।’ প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লাগে। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়।
ইউনাইটেড হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা সাজ্জাদুর রহমান শুভ বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার আনুমানিক রাত ৩টার দিকে সড়ক দুর্ঘটনায় আহত পাঁচজনকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন আছেন। প্রফেসর রেজাউল করিম এর তত্ত্বাবধানে তারা চিকিৎসা নিচ্ছেন।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, ‘রাতে গুলশান ১ নম্বরে একটি সড়ক দুর্ঘটনা ঘটে। এতে মোট ৫ জন আহত হন। তাদের মধ্যে দুইজন আইসিইউতে রয়েছেন।’








