বান্দরবান লামা উপজেলার সরই ইউনিয়নে প্রায় সাড়ে ১০কোটি টাকার বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর ও উদ্বোধন করেন।
উন্নয়ন কাজ গুলো হচ্ছে – পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে পল্লী অবকাঠামো উন্নয়ন এর আওতায় ৩কোটি ২১লাখ টাকা ব্যায়ে সরই ইউনিয়ন পরিষদ থেকে হাসানভিটা সাড়ে ৫কিঃমি রাস্তা, ৩০লাখ টাকা ব্যায়ে সরই মসজিদ ভিটায় মসজিদ নির্মাণ, এলজিইডির অর্থায়নে প্রায় ৩কোটি টাকা বরাদ্দে পোলো খাল কসমো কলেজ এর ৬০মিটার গার্ডার ব্রিজ নির্মাণ এবং ৪কোটির ৪লাখ টাকায় স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ১০শয্যা হাসপাতালের উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শামীম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রেজা সরোয়ার, জেলা সিভিল সার্জন অংশৈ প্রু চৌধুরী, আঞ্চলিক পরিষদ সদস্য কাজল কান্তি দাশ, জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হক বাহাদুর, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক আব্দুল আজিজ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী জিল্লুর রহমান, পার্বত্য উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোঃ ইয়াছির আরাফাত, লামা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা জামাল, উপজেলা নির্বাহী অফিসার নূর-এ জান্নাত রুমি, লামা পৌর মেয়র মোঃ জহিরুল ইসলামসহ প্রমুখ।
এসব উন্নয়ন কাজের উদ্বোধন শেষে নব নির্মীত ১০শয্যা হাসপাতাল মাঠে একটি আলোচনা সভায় যোগ দেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর এমপি ।
আলোচনা সভায় পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর বলেন, যোগাযোগ, স্বাস্থ্যসেবার উন্নয়নে আরো একধাপ এগিয়ে গেল দূর্গম সরই ইউনিয়ন। আগামীতে বিদ্যুত দাবীও পূরণ করার প্রতিশ্রুতি দিয়ে বীর বাহাদুর বলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুনজর রয়েছে পার্বত্য এলাকায়। এই কারণে পাহাড়ে উন্নয়নের যাত্রা অব্যাহত রয়েছে।








