Site icon CPLUSBD.COM

লালখান বাজার ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মানিকের বিদ্রোহী অবস্থান

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে ১৪ নম্বর লালখান বাজার ওয়ার্ডে আ.লীগের বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী হিসেবে শেষ পর্যন্ত রয়ে গেলো বর্তমান কাউন্সিলর আবুল ফজল কবির আহমেদ (মানিক)।

আজ ৮ মার্চ লালখান বাজার ওয়ার্ডে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুমসহ ৪ বিদ্রোহী প্রার্থী নিজেদের মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন।

১৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হওয়া দিদারুল আলম মাসুম সিপ্লাসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

দলের হাই কমান্ডের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি মনোনয়ন প্রত্যাহার করেছেন বলে জানান।

অন্যদিকে এই ওয়ার্ডে বিদ্রোহী প্রার্থী মানিক আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেতে জোর তদবির চালিয়েছিলেন, গণভবনে মনোনয়ন প্রত্যাহার পত্রে সাক্ষরও করেছিলেন এবং শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচন করছেন!

প্রশ্নগুলো তাকে করা হলে তিনি সিপ্লাসকে বলেন, দল থেকে যেহেতু আমাকে মনোনয়ন দেইনি, তাই দলীয় প্রতীকে আমি নির্বাচন করতে পারবোনা। তবে নির্বাচনী নিয়ম মেনেই আমি নির্বাচন করবো।

বর্তমানে এই ওয়ার্ডে আওয়ামী লীগের মনোনীত কাউন্সিলর প্রার্থী আবুল হাসনাত মো বেলাল, বিএনপি থেকে আবদুল হালিম (শাহ আলম) ও বর্তমান কাউন্সিলর  মানিক আসন্ন চসিক নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করবেন।

এই ওয়ার্ডের বিএনপি প্রার্থী শাহ আলমের শালা মহানগর আওয়ামী যুবলীগের যুগ্ম-আহবায়ক ফরিদ মাহমুদ।

উল্লেখ্য আজ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে ৫৩ জন প্রার্থী প্রত্যাহার করেছেন। এর মধ্যে মেয়র পদে জাতীয় পার্টির প্রার্থী সোলায়মান আলম শেঠ প্রত্যাহার করেছেন। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ৫০ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ২ জন প্রার্থী নিজেদের মনোনয়ন প্রত্যাহার করেন।