সিপ্লাস প্রতিবেদক: নগরীর লাল দীঘির পাড়ের জেলা পরিষদ মার্কেটের সামনে অস্ত্র (রিভলবার) বিক্রি করার সময় এক পুলিশ কনস্টেবলকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
গ্রেফতারকৃত স্বরূপ বড়ুয়া চট্টগ্রামে শিল্প পুলিশে কর্মরত।
এ ঘটনায় শনিবার(২৬ডিসেম্বর) সিএমপির কোতোয়ালী থানায় মামলা করে ডিবি পুলিশ।পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ডিবির উপপরিদর্শক (এসআই) বেলাল উদ্দিন বাদী হয়ে অস্ত্র আইনে মামলাটি দায়ের করেন।
গ্রেফতারকৃত স্বরূপকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মো. মহসীন বলেন, শুক্রবার (২৫ ডিসেম্বর) দিনগত রাতে জেলা পরিষদ মার্কেটের সামনে থেকে স্বরূপ বড়ুয়া নামে একজনকে আটক করে নগর গোয়েন্দা পুলিশ। অস্ত্র বিক্রির অভিযোগে তার বিরুদ্ধে নগর গোয়েন্দা পুলিশ বাদী হয়ে থানায় মামলা করেছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বরূপ জানিয়েছেন, রাঙ্গুনিয়ার এক সন্ত্রাসীর কাছ থেকে তিনি অস্ত্রটি সংগ্রহ করেন।








