সিপ্লাস প্রতিবেদক: লোহাগাড়াবাসীর দীর্ঘদিনে দু:খ মুছতে প্রস্তুত চুনতি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন। উদ্বোধনের অপেক্ষায় চুনতি বাজারের দক্ষিণে সিএমবি অফিস এলাকায় নির্মিত ফায়ার সার্ভিস স্টেশন।
জানা যায়, দীর্ঘদিন ধরে ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় পাশ্ববর্তী সাতকানিয়া ও চকরিয়া উপজেলার সাহায্য নিতে হয়। ফলে আগুন লাগার স্থানে উদ্ধারকারী দল আসার আগেই আগুনে পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যায়। উপজেলাবাসীর এ দুঃখ মুছতে ২০১৫ সালের ১২ সেপ্টেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ফায়ার সার্ভিস স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবীব জিতু বলেন, এখানকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল যেন এখানে একটা ফায়ার সার্ভিস স্টেশন স্থাপিত হয়। খুব শিগগিরই আমরা আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত ফায়ার সার্ভিস স্টেশন পেতে যাচ্ছি।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার বলেন, জনবল কিছু কিছু নিয়োগ দেয়া হয়েছে। এছাড়া আংশিক কাজ বাকি আছে। অবশিষ্ট কাজ দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করে উদ্বোধন করা হবে।

