লোহাগাড়া প্রতিনিধি: লোহাগাড়ায় উপজেলায় পুটিবিলা ইউনিয়নের নতুন বাজার এলাকায় স্পিড বেকারে বেটারী চালিত অটো রিক্সা উল্টে গিয়ে চালকের মৃত্যু হয়েছে।
নিহত চালকের নাম মোঃ জকরিয়া আলম মিন্টু (৩২)। সে লামা উপজেলার সরই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের গুরা বইন্যা পাড়া এলাকার সরওয়ার গাজীর পুত্র।
বুধবার (২ ডিসেম্বর) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনার ঘটনাটি ঘটেছে বিষয়টি পুটিবিলা ইউপি সদস্য মোহাম্মদ খানে আলম নিশ্চিত করেছেন।
জানা যায়, জকরিয়া আলম মিন্টু একজন রিক্সা চালক। তিনি কেয়াজু পাড়া এলাকা হতে ব্যাটারি চালিত রিক্সা ভর্তি পানের খাঁচা নিয়ে বিক্রী করার জন্য আমিরাবাদের উদ্দেশ্যে রওনা দেন। দরবেশ হাট কেয়াজু পাড়া সড়কের পুটিবিলা নতুন বাজারে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে স্পিড বেকারে গাড়ি উল্টে সে মাটিতে পড়ে গেলে গাড়িটি তার শরীরের উপরে চাপা পড়ে যায়। স্হানীয়রা উদ্ধার করে তাকে উপজেলার বটতলী স্টেশনস্হ একটি বেসরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সরই ইউপির ৪নং ওয়ার্ডের সদস্য জানান, মিন্টু ভোরে কেয়াজু পাড়া হতে তার রিক্সায় করে পানের খাঁচা ও তার বাবাকে সাথে নিয়ে পান বিক্রি করার জন্য আমিরাবাদের উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে পুটিবিলা নতুন বাজার এলাকায় স্পিড বেকারে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে যায়। তার বাবা এতে বেঁচে যান। মিন্টুর শরীরের উপরে গাড়িটি চাপা পড়ে। এতে তিনি প্রান হারান বলেও জানান।

