নিউজটি শেয়ার করুন

লোহাগাড়ায় আবারো বন্যহাতির তান্ডবে লন্ডভন্ড ৩ বসতঘর

লোহাগাড়ায় উপজেলার চারম্বা বাইয়ার পাড়া এলাকায় আবারো তান্ডব চালিয়ে ৩ বসতঘর লন্ডভন্ড করে দিয়েছেন বন্য হাতির দল। ১৭ ডিসেম্বর (মঙ্গলবার) রাত সাড়ে ১১টা থেকে এ তান্ডব চালায়।
বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য আকতার হোসেন। ক্ষতিগ্রস্থরা হলেন ওই এলাকার কৃষক আবদুস ছবুর, গুরন আলী ও জাফর আহমদ। ইউপি সদস্য আকতার হোসেন জানান, ১৪/১৫টি বন্যহাতি লোকালয়ে এসে তান্ডব চালিয়ে মাটির তৈরি ৩টি বসতঘর ভাংচুর করে। বুধবার (১৮ ডিসেম্বর) ভোররাত ৩টা পর্যন্ত তান্ডব চালিয়ে হাতির দল বনাঞ্চলে চলে যায়। এ সময় বসতঘরে রক্ষিত কৃষকের প্রায় ৮০ মণ ধান নষ্ট ও খেয়ে ফেলে। স্থানীয়রা হাতির তাড়ানোর নানা রকম চেষ্টা করেও ব্যর্থ হয়।
ক্ষতিগ্রস্তরা বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর দিনযাপন করছেন। এছাড়া ওই এলাকার মোজাহার মিয়ার ভিটায় গিয়ে হাতির দল গাছ-পালা ভাংচুর করে।
বন্যহাতির তান্ডবে ক্ষতিগ্রস্তরা উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা কামনা করেছেন।