লোহাগাড়ায় সরকারি নির্দেশ অমান্য করে কোচিং সেন্টার চালু রাখার অপরাধে তিন শিক্ষককে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
তিন শিক্ষক হলেন- কলাউজান রশিদিয়া মাদ্রাসার ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ও কলাউজান আদারচর উষা বড়ুয়ার ছেলে জয় বড়ুয়া, আলহাজ্ব মোস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক ও চরম্বা জান মোহাম্মদ পাড়া এলাকার আবদুর নূরের ছেলে মো. ইব্রাহিম খলিল ও বড়হাহিয়া জঙ্গলী পাড়া এলাকার মো. আবদুল গফুরের ছেলে আরিফুর রহমান।
বুধবার(১৮ মার্চ) বিকেলে উপজেলার আমিরাবাদ মোস্তফা সিটিতে অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌছিফ আহমেদ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌছিফ আহমেদ বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে দেশে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং সেন্টার বন্ধের নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু তিন শিক্ষক সরকারি নির্দেশনা অমান্য করে কোচিং সেন্টারে পাঠদান চালিয়ে যাচ্ছিলেন।
সরকারি নির্দেশ অমান্য করায় তাদের দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় তিন শিক্ষককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরো ১ মাস জেল দেয়া হয়েছে।
অভিযানকালে উপজেলা সহকারী কমিশার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রট পদ্মাসন সিংহ, লোহাগাড়া থানার এসআই দুলাল বাড়ৈ উপস্থিত ছিলেন।








