সিপ্লাস প্রতিবেদক: নকল স্বর্ণ বন্ধক রাখতে গিয়ে প্রতারক চক্রের দুই নারীসহ তিনজনকে আটক করে পুলিশে দিয়েছে এক স্বর্ণকার।
বুধবার ( ৮ সেপ্টেম্বর ) দুপুরে লোহাগাড়া উপজেলার পুটিবিলা এম চর হাট বাজারে জগদিশের স্বর্ণের দোকানে এই ঘটনা ঘটে।
এসময় তাদের কাছ থেকে নগদ ২৬ হাজার টাকা ও প্রতারণা কাজে ব্যবহৃত নকল স্বর্ণ উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, কক্সবাজারের পেকুয়া উপজেলার শীলখালী ইউনিয়নের আলী চাঁদ মাতবর পাড়া এলাকার জান্নাতুল আইমন ( ৩৫) তার ননদ কানিজ ফাতিমা ( ২৫) ও শশুর নুরুল আবছার (৭৬) ।
স্বর্ণ দোকানদার জগদিশ নাথ জানান, প্রতারককেরা গত সপ্তাহ আমার দোকানে নকল স্বর্ণ বন্ধক দিয়ে ২৮ হাজার টাকা নিয়ে যায়। তখন আমি ব্যস্ততার কারনে নকল স্বর্ণগুলো চিনতে পারি নাই । পরবর্তী স্বর্ণগুলো সন্দেহ হলে পরীক্ষা করে জানতে পারে সেগুলো নকল। সে সুযোগে আবারও নকল স্বর্ণ বন্ধক দিতে আসেন প্রতারক চক্রটি। আবার কানের দুল বন্ধক দিয়ে আবার টাকা নিতে আসলে আমি তাদের চিনতে পারি। পরে তাদের দোকানে আটকানোর চেষ্টা করলে তারা দৌঁড়ে পালানোর সময় স্থানীয়দের সহযোগিতায় তাদের আটক করি।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ বলেন, পুটিবিলার এমচর হাটে নকল স্বর্ণ বন্ধক রেখে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করলে দুই নারীসহ তিনজনকে আটক করে স্থানীয়রা পুলিশে খবর দেন। ঘটনাস্থলে এস আই দুলাল বাড়ৈকে পাঠানো হয়েছে। এঘটনায় দুই নারীসহ তিনজনকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।








