সিপ্লাস প্রতিবেদক: লোহাগাড়ার মো: নোমান নামক এক যুবককে ভোলা জেলার একজন অতিরিক্ত পুলিশ সুপারের নামে ফেসবুকে ফেইক আইডি খুলে প্রতারণা করার অপরাধে কারাগারে পাঠিয়েছে আদালত।
বুধবার(২৮ জুলাই) জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার আদালত সেরেস্তা।
গ্রেফতার মোঃ নোমান (২০) উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের চাকফিরানী দুর্লভের পাড়ার আবদুল কুদ্দুসের পুত্র।
আদালত সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই ভোলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ আবু্ল কালাম আজাদের নামে MD AZAD AZAD নাম ভাঙ্গিয়ে বড়হাতিয়ার নোমান নামে এক যুবক একটি ফেইসবুক একাউন্ট খুলে। তার আইডির প্রোফাইল পিকচার হিসেবে অতিরিক্ত পুলিশ সুপারের ছবি ব্যবহার করে বিভিন্ন জনের কাছ থেকে চাকরী দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করে।
সে কম্পিউটার অপারেটর চাকরী দেওয়ার নামে ফেইসবুকে পোস্ট করে। বড়হাতিয়ার অসীম রুদ্র নামের একজন চাকরীর বিজ্ঞপ্তি দেখে যোগাযোগ করার পর সন্দেহ হলে সাতকানিয়া সার্কেলের সাথে যোগাযোগ করে।
সাতকানিয়া সার্কেল ভোলা জেলার অতিরিক্ত পুলিশ সুপারের সাথে যোগাযোগ করলে এ নামে কোন ফেইসবুক আইডি নেই বলে জানান।
পরে ঐ পুলিশ সুপারের নাম ভাঙিয়ে প্রতারণা করার দায়ে অসীম রুদ্র বাদী হয়ে নোমানকে আসামী করে লোহাগাড়া থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।
মঙ্গলবার রাতে দিকে পুলিশের একটি টিম চুনতি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। ওই সময় তাঁর ব্যবহৃত মোবাইল ও সিম জব্দ করা হয়।
গ্রেফতারকৃত প্রতারক নোমানকে চট্টগ্রাম আদালতে আনা হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেয়।








