নিউজটি শেয়ার করুন

লোহাগাড়ায় বাস-বাইক সংঘর্ষে যুবক নিহত, আহত ২

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামের লোহাগাড়ায় স্টারলাইন বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মো. রিদুয়ান (২৮) নামের এক বাইক আরোহী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১ জুন) দুপুর পৌনে ৩টায় পদুয়া ইউনিয়নের বারআউলিয়া মাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও দুইজন।

তারা হলেন সাতকানিয়ার উত্তর ঢেমশা এলাকার জহির আহমেদের ছেলে মহিউদ্দিন (২৫) ও আনু মিয়ার ছেলে মো. বেলাল (২৪)। এছাড়া নিহত রিদুয়ান উত্তর ঢেমশা ৫ নম্বর ওয়ার্ড মাইজপাড়ার আশোলিয়া বড়বাড়ির ছিদ্দিক আহমদের ছেলে।

জানা গেছে, পদুয়ার বার আউলিয়া মাজার এলাকায় চট্টগ্রামমুখী স্টারলাইন বাসের সঙ্গে কক্সবাজারমুখী মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালকের মৃত্যু হয় এবং আরও দুই আরোহী আহত হয়। পরে আহতদের উদ্ধার করে লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন বলেন, কক্সবাজার থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী স্টারলাইন পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে রিদুয়ান নামের এক যুবক মারা যায়।