নিউজটি শেয়ার করুন

লোহাগাড়ায় বাড়ি ফিরলেন ৪০ করোনাযোদ্ধা, মোট আক্রান্ত ৫৯

লোহাগাড়া প্রতিনিধি: লোহাগাড়া উপজেলায় করোনা আক্রান্ত ৫৯ জনের মধ্যে করোনাজয় করে (সুস্থ হয়ে) বাড়ি ফিরেছেন ৪০ জন।

৫ জুন (শুক্রবার) পর্যন্ত উপজেলায় মোট ৫৯ ব্যাক্তি করোনা আক্রান্ত হয়েছেন। এছাড়াও উপজেলায় ৪ ব্যাক্তি করোনা আক্রান্ত হয়ে এবং ২ ব্যাক্তি করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। সে হিসেবে উপজেলায় এ পর্যন্ত করোনায় ৬ ব্যাক্তি মারা গেছেন বলে ধরে নেয়া যায়। এসব তথ্য নিশ্চিত করেছেন লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ হানিফ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বরাত দিয়ে তিনি জানান, উপজেলায় গত ২৩ এপ্রিল সর্ব প্রথম করোনা রোগী সনাক্ত হয়। পরবর্তীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দিয়ে আরো ৫৮ জন করোনা রোগী সনাক্ত হয়। এদের মধ্যে উপজেলায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগীদের চিকিৎসার নির্ধারিত স্থান উপজেলা ট্রমা সেন্টারস্থ আইসোলেশন ওয়ার্ডে ভর্তি থেকে সেবা নিয়ে বিভিন্ন সময়ে করোনা জয় করে বাড়ি ফিরেছেন ১৬ ব্যাক্তি ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের পর্যবেক্ষণে হোম আইসোলেশনে থেকে করোনা জয় করেছেন(সুস্থ হয়ে উঠেছেন) আরো ১৯ ব্যাক্তি। চট্টগ্রাম নগরীর বিভিন্ন করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসা নিয়ে করোনা জয় করে বাড়ি ফিরেছেন আরো ৫ ব্যাক্তি। বর্তমানে উপজেলায় ১৯ জন ব্যাক্তি স্বাস্থ্য বিভাগের তত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে ১জন ট্রামা সেন্টারের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছেন। ১৮ জন হোম আইসোলেশনে রয়েছেন।

ডা : মোহাম্মাদ হানিফ আরো জানান, লোহাগাড়া উপজেলায় এ পর্যন্ত ৪ জন করোনা শনাক্ত ও ২ জন করোনা উপসর্গ নিয়ে মৃত্যু বরণ করেন। মৃত করোনা রোগীদের একজন লোহাগাড়াতে শনাক্ত এবং অন্য ৩ জন বিভিন্ন এলাকা থেকে আগত মৃতদেহ লোহাগাড়াতে দাফন করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য বিভাগের তত্বাবধানে এ পর্যন্ত ৬ ব্যাক্তির মৃতদেহ দাফন করা হয়েছে।