সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় সাত হাজার ইয়াবাসহ মো. ইসমাইল (৩১) নামে এক মাদককারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
শনিবার রাতে লোহাগাড়া ইউপির উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়েছে।
এতে গ্রেফতারকৃত ইসমাইল চট্টগ্রামের পটিয়ার কুসুমপুরা ইউনিয়নের গোরনখাইন এলাকার মৃত মো. মনির আহমদের ছেলে। রোববার সকালে তাকে চট্টগ্রাম আদালতে পাঠানো হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে লোহাগাড়া থানার এসআই গোলাম কিবরিয়া ও এসআই পার্থ সারথির নেতৃত্বে লোহাগাড়া থানা পুলিশের একটি টিম অভিযান চালায়। সেখানে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে একটি মাইক্রোবাসে তল্লাশিতে সাত হাজার পিস ইয়াবাসহ ইসমাইলকে গ্রেফতার করা হয়। তাদের মাদক পরিবহণ কাজে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে।
লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ জানান, গ্রেফতার মাদককারবারির বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। রবিবার সকালে তাকে চট্টগ্রাম আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।








