নিউজটি শেয়ার করুন

লোহাগাড়ায় ম্যাজিস্ট্রেটের গাড়িতে ককটেল হামলা

সিপ্লাস ডেস্ক: লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে দায়িত্বরত ম্যাজিস্ট্রেটের গাড়িতে ককটেল হামলার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) নির্বাচনী কেন্দ্রে এই ঘটনা ঘটে।

এ সময় তার গাড়ি লক্ষ্য করে পরপর দুটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে গাড়ি চালক মো. শাহেদ (৩০) গুরুতর আহত হন। তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে আনা হয়েছে।

ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন চৌধুরী জানান, ভোটকেন্দ্রে অনিয়মের খবর পেয়ে ঘটনাস্থলে যাই। এ সময় আমার সরকারি গাড়ি লক্ষ্য করে পরপর দুটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। ককটেল বিস্ফোরণে আমি তেমন আহত না হলেও আমার চালক গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে আমিরাবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের উত্তর আমিরাবাদ বিদ্যালয় কেন্দ্রে ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাসানের গাড়ি লক্ষ্য করে ককটেল হামলা চালানো হয়। তবে এতে কেউ হতাহত হননি।

ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাসান জানান, ভোটকেন্দ্রে অনিয়মের খবর পেয়ে ঘটনাস্থলে যেতেই আমাদের গাড়ি লক্ষ্য করে ককটেল হামলা চালানো হয়। তবে ককটেল সরাসরি গাড়িতে আঘাত না করায় আমরা বেঁচে যাই।