সিপ্লাস ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বর্তমানে দুটি যুদ্ধে লড়তে হচ্ছে । একটি করোনাভাইরাস মোকাবেলা, আরেকটি সঙ্কটের এই সময়ে দরিদ্রদের সুরক্ষা নিশ্চিত করা।
বৃহস্পতিবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্বোধনের সময় এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, “আমাদের দুটো যুদ্ধ, একটা যুদ্ধ হচ্ছে করোনাকে প্রতিরোধ করা, আরেকটা যুদ্ধ হচ্ছে আমাদের গরীব মানুষদের প্রটেকশন দেওয়া। এই দুটি লড়াইয়ে আমরা লড়ে যাচ্ছি শেখ হাসিনার নেতৃত্বে।
“অনেক সংকটের পরীক্ষিত নেতা হিসেবে শেখ হাসিনা আজকে দেশে বিদেশে সমাদ্রিত, তার হাতে দায়িত্বে জনগণ ভরসা রাখতে পারে।
কাজেই এই ক্রাইসিসকে সম্ভাবনায় রূপান্তর করা এটা শেখ হাসিনা জানেন। তিনি এ যাবৎ প্রমাণ করেছেন ক্রাইসিসকে কিভাবে সম্ভাবনায় রূপান্তর করা যায়। আমরা সে রকম একজন নেত্রীর নির্দেশনায় কাজ করে যাচ্ছি।”
কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ সারা বাংলাদেশে ত্রাণ তৎপরতা, চালিয়ে যাচ্ছে, চিকিৎসা সামগ্রী বিতরণ করছে। সারা বাংলাদেশের জনগণের পাশে, অসহায় মানুষের পাশে আওয়ামী লীগ সর্বক্ষণ আছে।
“অনেক মানুষ আছে যারা কর্ম হারিয়ে দিশেহারা, তারা কারও কাছে চেয়ে খেতে পারছে না, এইসব মানুষদের খুঁজে খুঁজে আওয়ামী লীগের নেতাকর্মীরা ত্রাণ সামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছে।”
জনগণকে ভয় না পাওয়ার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, “বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাসচিব বলেছেন এই সংকট আরও প্রলম্বিত হতে পরে, এই সংকট আরও বহুদিন আমাদের সঙ্গে থাকবে।কাজেই এখনও আমাদের অনেক দুর্গম পথ পাড়ি দিতে হবে, আমাদের ভয়ের কোনো কারণ নেই।”
ভিডিও কনফারেন্সে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বলেন, “শেখ হাসিনার নেতৃত্বে করোনাভাইরাস মোকাবেলায় আওয়ামী লীগের নেতাকর্মীরা সারা দেশে কাজ করে যাচ্ছে।
“এই সংকটকে সম্ভাবনায় পরিণত করবেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আল্লাহ আমাদের সহায় হবেন।”








