সিপ্লাস ডেস্ক: বিশ্বজুড়ে আতঙ্ক সৃষ্টি করা করোনাভাইরাস বা কোভিড-১৯ দিন দিন মানুষের শারীরিক ক্ষতি করার শক্তি হারাচ্ছে বলে দাবি করেছেন ইতালির শীর্ষস্থানীয় এক চিকিৎসক।
মিলান শহরের সান রাফায়েল হাসপাতালের প্রধান চিকিৎসক আলবার্তো জাংরিলো বলছেন, বাস্তবতা হলো ইতালিতে ভাইরাসটি ক্লিনিক্যালি আর নেই। এক অথবা দুই মাস আগে যে অবস্থা ছিল গত ১০ দিনে তা পরিমাণগত বিবেচনায় ক্ষুদ্রাতিক্ষুদ্র পর্যায়ে চলে এসেছে।
ইতালির আরএআই টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে রোববার এসব কথা বলেন জাংরিলো। খবর রয়টার্সের।
ইতালিতে মে মাসের শুরুতেও করোনা পরিস্থিতি ভয়াবহ ছিল। কিন্তু শেষ দিকে পরিস্থিতি বেশ নিয়ন্ত্রণে সেখানে।
প্রক্রিয়াধীন থাকা ‘বৈজ্ঞানিক প্রমাণের’ কথা উল্লেখ করে জাংরিলো বলছেন, ভাইরাসটি ইতালি থেকে চলে গেছে। যারা ইতালিয়ানদের দোটানায় ফেলছেন তাদের আমি এটি না করতে আহ্বান জানাতে চাই।
ইতালির আরও একজন ডাক্তার ভাইরাসটির দুর্বল হওয়ার কথা জানিয়েছেন।
এএনএসএ নিউজ এজেন্সিকে মাত্তিও বাসেটি নামের ওই চিকিৎসক বলেন, দুই মাস আগে ভাইরাসের যে শক্তি ছিল এখন আর সেটি নেই।
তার দাবি, কোভিড-১৯ এখন পরিষ্কারভাবে ভিন্ন রোগ!
জনস হপকিন্স ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, ইতালিতে এখন পর্যন্ত ২ লাখ ৩২ হাজার ৯৯৭ জন আক্রান্ত হওয়ার পাশাপাশি ৩৩ হাজার ৪১৫ জন মারা গেছেন।
গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া কোভিড-১৯ রোগে গোটা পৃথিবীতে এখন পর্যন্ত ৬১ লাখ ৬৫ হাজার ১৮১ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৩ লাখ ৭১ হাজার ৯৯৫ জন। সুস্থ হয়েছেন ২৬ লাখ ৩৭ হাজার ৪৯৬ জন।








