সিপ্লাস প্রতিবেদক: চিটাগাং শপিং কমপ্লেক্সের ধারণক্ষমতা অনুযায়ী ফ্লোর বাড়াতে-কমাতে হবে উল্লেখ করে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক খোরশেদ আলম সুজন কমপ্লেক্সটি সম্প্রসারণের সার্বিক বিষয় পর্যালোচনার জন্য গঠিতব্য কমিটির রিপোর্ট উপস্থাপন ও অনুমোদন না হওয়া পর্যন্ত কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) টাইগারপাসের চসিক কার্যালয়ে চিটাগাং শপিং কমপ্লেক্সের ঠিকাদারি প্রতিষ্ঠান শামীম করপোরেশনের স্বত্বাধিকারী ও সাইটে নিয়োজিত প্রকৌশলীদের সঙ্গে বৈঠকে এ নির্দেশনা দেন।
নিচতলায় বিদ্যমান মার্কেটের দোকান মালিকরা মালামাল রেখে চলাচলের পথ সংকুচিত রাখার বিষয়ে প্রশাসক নির্বাহী ম্যাজিস্ট্রেটের সহযোগিতা নিয়ে জরিমানা করার এবং প্রয়োজনে ট্রেড লাইসেন্স বাতিলের নির্দেশনা দেন।
নাসিরাবাদ শপিং কমপ্লেক্সে আলো-বাতাস চলাচল, পার্কিং প্লেস ও অভ্যন্তরীণ প্রশস্ত চলাচল ব্যবস্থাসহ আগের মতো ক্রেতা-বিক্রেতাবান্ধব পরিবেশ বজায় রাখার তাগিদ দিয়ে প্রশাসক নির্মাণকাজের সময় শপিং কমপ্লেক্সের কিছু অংশ টিন দিয়ে ঘেরাও রাখার বিষয়ে আপত্তি জানান। তা উন্মুক্ত করে মানুষ যাতে সহজে সব কার্যক্রম দেখতে পারেন সে ব্যবস্থা করতে বলেন খোরশেদ আলম সুজন।

