রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ রাঙ্গুনিয়ায় বিতর্কিত শরণাংকর থেরকে গ্রেপ্তার ও তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ধর্ম নিয়ে আপত্তিকর কটুক্তি, সাম্প্রদায়িক উষ্কানি ও দেশ বিরোধী নানা বিবৃতির জের ধরে এই বিক্ষোভ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
শনিবার (২৪ অক্টোবর) সকালে কাপ্তাই সড়কের উপজেলা সদরের ইছাখালী এলাকায় সচেতন নাগরিক সমাজ, সনাতনী হিন্দু সমাজ ও বাংলাদেশ মানবাধিকার কমিশন রাঙ্গুনিয়া উপজেলা শাখার যৌথ আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিয়েছেন বিভিন্ন সমরদায়ের কয়েক শতাধিক জনসাধারণ।
মানববন্ধন শেষে সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শৈবাল চক্রবত্তী। সাধারণ সম্পাদক সুপায়ন সুশীলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন রাঙ্গুনিয়া সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান ড. মুহাম্মদ আবদুল মাবুদ, এডভোকেট পঙ্কজ কুমার চৌধুরী, বিভূতি ভূষণ সেন, মাস্টার নির্মল কান্তি দাশ, অধ্যাপক অসীম কুমার শীল, হিন্দু মহাজোটের পক্ষ থেকে মাস্টার তপন দত্ত, মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক এম ইসকান্দর মিয়া তালুকদার, যুগ্ম সম্পাদক মাস্টার রঞ্জন বড়ুয়া, এডভোকেট সোলায়মান চৌধুরী, মাওলানা নুরুল আজিম, মাওলানা আইয়ুব নূরী, জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি বিজয় সেন, বদিজ্জামান বদি প্রমুখ।
এই ভিক্ষুকে দ্রুত গ্রেপ্তার করা না হলে আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেয়া হবে বলে সমাবেশ থেকে হুশিয়ারি দেওয়া হয়।








