সিপ্লাস ডেস্ক: শরীয়তপুরে আইসোলেশনে ভর্তি হওয়ার তিন ঘণ্টা পর ৩৫ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। তার জ্বর, কাশি ও গলাব্যথা থাকায় আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল।
মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে শরীয়তপুর সদর হাসপাতালে আনা হয়। রাত সোয়া ৯টার দিকে তার মৃত্যু হয়।
যুবকের বাড়ি নড়িয়া উপজেলার চেরাগআলীবেপাড়ীকান্দী গ্রামে।
শরীয়তপুর সদর হাসপাতাল সূত্র জানায়, নড়িয়া উপজেলার ওই ব্যক্তি ১৯ মার্চ কাশি নিয়ে হাসপাতালে ভর্তি হন। পরীক্ষায় তার যক্ষ্মা রোগ ধরা পড়ে। তাকে ওই রোগের চিকিৎসা দেওয়া হয়। ২৩ মার্চ তিনি সদর হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে চলে যান। আজ দুপুর থেকে তিনি শ্বাসকষ্টে ভুগতে থাকেন। অবস্থার অবনতি হওয়ায় নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্বজনেরা। অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সদর হাসপাতালে পাঠানো হয়। এরপর চিকিৎসকেরা ওই ব্যক্তিকে করোনা সন্দেহে আইসোলেশনে ভর্তি রাখেন।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মনির আহমেদ খান জানিয়েছেন, ওই ব্যক্তি গত ১৯ মার্চ টিভি রোগের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরপর সুস্থ হয়ে বাড়িও ফিরেছিলেন। কিন্তু হঠাৎ আজ সন্ধ্যায় তিনি করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে এলে তাকে আইসলেশনে রাখা হয়। এরপর রাতে তিনি মারা যান।








