মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নিরসনে এবার সৌদি আরব যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। মঙ্গলবার রিয়াদের উদ্দেশে ইসলামাবাদ ছাড়বেন তিনি। খবর ডনের।
বিবৃতিতে বলা হয়, দুই মুসলিম দেশের মধ্যে উত্তেজনা কমিয়ে আনতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে রিয়াদে বৈঠক করবেন ইমরান খান। এছাড়া দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়সহ আঞ্চলিক বিষয়গুলোও আলোচনা হবে।
এদিকে রোববার তেহরান সফরে ইমরান খান ইরানি প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের সময় সৌদি আরবের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব দেন বলে এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে।
তেহরান এবং রিয়াদের মধ্যে চলমান সামরিক ও কূটনৈতিক উত্তেজনা নিরসনে শুধুমাত্র সংলাপে মধ্যস্থতা নয় বরং সৌদি আরব এবং ইরানকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে মুখোমুখি বৈঠকে বসার ব্যবস্থা করতেও প্রস্তুত রয়েছে।
একই প্রস্তাব নিয়ে মঙ্গলবার সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গেও রিয়াদে বৈঠক করবেন ইমরান খান। সেখানে তিনি একই প্রস্তাব দেবেন বলে পাকিস্তানের কর্মকর্তারা জানিয়েছেন।








