Site icon CPLUSBD.COM

শাহজালালে পরিচ্ছন্নতাকর্মীর জুতায় মিলল ৩২ সোনার বার

রাজধানীর হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে এক পরিচ্ছন্নতাকর্মীর জুতার ভেতর থেকে ৩২টি সোনার বার উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে এক কোটি ৮৫ লাখ টাকা মূল্যের ওই পৌনে ৪ কেজি সোনা উদ্ধার করা হয়। আটক করা হয় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচ্ছন্নতাকর্মী জনাথুন মুক্তি বারিকদারকে।

বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মো. আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল ৮টার দিকে দুবাই থেকে আসা একটি ফ্লাইট বিমানবন্দরে অবতরণ করে। কোনো এক যাত্রী এ সময় তার সিটের নিচে ওই স্বর্ণবারগুলো রেখে চলে যান।

তিনি জানান, যাত্রীর রেখে যাওয়া স্বর্ণ জুতার মধ্যে ঢুকিয়ে তা নিয়ে গেট দিয়ে বের হওয়ার চেষ্টা করছিলেন ওই পরিচ্ছন্নতাকর্মী। এ সময় তল্লাশি করে সোনার বারগুলো উদ্ধার করা হয়। এই পরিচ্ছন্নতাকর্মী স্বর্ণ চোরাচালানকারি।

এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান আলমগীর হোসেন।