নিউজটি শেয়ার করুন

শাহাদাতের পাশে নেই নোমান, নাছির ও শামসু

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনের পাশে নেই শীর্ষ নেতারা। বিশেষ করে চট্টগ্রামের সন্তান বিএনপি’র ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান ও মীর নাছির এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শিল্প গ্রুপ ইলিয়াছ ব্রাদার্সের ব্যবস্থাপনা পরিচালক শামসুল আলম নির্বাচনী প্রচার-প্রচারণায় না থাকায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

মোবাইলে একাধিকবার ফোন করে তাদের মতামত পাওয়া না গেলেও বিএনপি’র নেতা-কর্মীদের অভিমত, শারীরিক অসুস্থতার কারণে তারা সরেজমিনে নির্বাচনের মাঠে নেই। তবে দল এবং তাঁদের পরামর্শ ও নির্দেশনার ভিত্তিতে সকলে ঐক্যবদ্ধভাবে সকল কর্মকান্ড চালিয়ে যাচ্ছে।

আগামী ২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন। মেয়র পদে মূল প্রতিদ্বন্ধী আওয়ামী লীগ মনোনীত রেজাউল করিম চৌধুরী ও বিএনপি মনোনীত ডা. শাহাদাত হোসেনের পক্ষে চলছে জমজমাট প্রচারণা। অসংখ্য নেতা-কর্মীরা দুই প্রার্থীর পক্ষে মাঠে নেমেছেন।

কিন্তু চট্টগ্রামের শীর্ষ নেতা আব্দুল্লাহ আল নোমান, মীর নাছির ও শামসুল আলম বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ডা. শাহাদাতের পাশে না থাকায় বিভিন্ন মহলে ব্যাপক আলোচিত হচ্ছে।

বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ডা. শাহাদাতের প্রধান নির্বাচনী এজেন্টের দায়িত্বে ছিলেন আব্দুল্লাহ আল নোমান। শনিবার (২৩ জানুয়ারি) এ ক্ষেত্রে পরিবর্তন এনে নতুন প্রধান নির্বাচনী এজেন্ট নিযুক্ত করা হয় মহানগর বিএনপি’র সদস্য সচিব আবুল হাশেম বক্করকে। আব্দুল্লাহ আল নোমানের অসুস্থার কারণে এমন পরিবর্তন আনা হয়েছে বলে কারণ হিসেবে উল্লেখ করা হয়।

কারণ হিসেবে উ আবদুল্লাহ আল নোমান অসুস্থার কারণে চট্টগ্রাম আসতে পারছেন না। তাই নির্বাচনী এজেন্ট পরিবর্তন করা হয়েছে।

এদিকে আব্দুল্লাহ আল নোমান, মীর নাছির ও শামসুল আলমের মতামত জানার জন্যে মোবাইলে একাধিকবার ফোন করেও তাঁদের মতামত জানা যায়নি।

মীর নাছিরের মোবাইল ফোন এক মহিলা রিসিভ করে পরিচয় জানতে চান। সাংবাদিক পরিচয় পেয়ে মীর নাছির নামাজে আছেন জানিয়ে পরে ফোন করতে বলেন। এর পর একাধিকবার চেষ্টা করার পরও আর ফোন ধরেননি।

মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনের মিডিয়া সেলের সদস্য সচিব এবং চট্টগ্রাম মহানগর বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক ইদ্রিছ আলী জানান, আব্দুল্লাহ আল নোমান অসুস্থতার কারণে চট্টগ্রামে আসতে পারছেন না। তাছাড়া দীর্ঘদিন ধরে জেলে থাকায় মীর নাছির ও শামসুল আলম শারীরিকভাবে ভাল নেই। তাই সরেজমিনে মাঠে দেখা না গেলেও দল এবং তাঁদের পরামর্শ ও দিক নির্দেশনার ভিত্তিতে সকলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করেছে।