Site icon CPLUSBD.COM

শাহাদাতের প্রচারণা শুরু, ভোটাধিকার নিশ্চিতের দাবি

সিপ্লাস ডেস্ক: সাধারণ মানুষের ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ডা. শাহাদাত হোসেন প্রচারণা শুরু করেছেন।

শুক্রবার (৮ ডিসেম্বর) জুমার নামাজের পর আমানত শাহ’র মাজার জেয়ারতের মাধ্যমে প্রচারণা শুরু করেন তিনি।

জুমা’র নামাজ শেষে বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে মুখরিত ছিল মাজার প্রাঙ্গণ। তারা শাহাদাত হোসেনের পক্ষে স্লোগান দিয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। আমানত শাহ’র মাজার থেকে বেরিয়ে তিনি হযরত বদর আউলিয়ার মাজার জেয়ারত করেন। জেয়ারত শেষে তিনি দলীয় নেতা-কর্মীদের মিছিল নিয়ে নগরের বক্সিরহাট থেকে শুরু করে পাথরঘাটা, ফিরিঙ্গীবাজার, কোতোয়ালী মোড়, লালদীঘি ময়দান হয়ে আন্দরকিল্লা মোড়ে এসে গণসংযোগ শেষ করেন।

প্রচারণার শুরুতে ডা. শাহাদাত হোসেন বলেন, ‘নির্বাচন যেখানে নির্বাসনে গেছে, প্রহসনে পরিণত হয়েছে। সেখানে আমরা আশা করি সকল শ্রেণী-পেশার মানুষ ভোটযুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। নিজেদের ভোটাধিকার নিশ্চিত করবে।’

নগরবাসীদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনারা আপনাদের ভোটাধিকার নিশ্চিত করুন। আপনার প্রিয় নেতৃত্বকে ভোট দিন। আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে সকল শ্রেণী পেশার মানুষ কে ধানের শীষ মার্কায় ভোট দিন।’

তিনি আরও বলেন, ‘স্বাধীনতার ৫০ বছরেও স্বাধীনতার মূল মন্ত্র বাস্তবায়িত হয়নি। যে যুদ্ধে স্বাধীনতার জন্য মানুষ ঝাঁপিয়ে পড়েছিল, সে স্বাধীনতা আজও পরিলক্ষিত নয়। আপনাদের ভোটাধিকার, গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে ২৭ জানুয়ারি ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিন।’

নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে বিএনপির প্রার্থী ডা. শাহাদাত বলেন, ‘নির্বাচন কমিশন বার বার ভোট যুদ্ধকে প্রহসনে পরিণত করেছে। করোনাভাইরাসের মধ্যেও মানুষ যেভাবে ভোট কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে তেমনি তাদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। যদি নির্বাচন কমিশন এ বিষয়ে সোচ্চার না হন এতে চট্টগ্রামের মানুষ আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে। নির্বাচন কমিশন ও প্রশাসনকে আমি আহ্বান করে বলতে চাই। একটি সুন্দর, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, প্রতিযোগিতামূলক, উৎসবমুখর নির্বাচন দিন। মানুষের গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার রক্ষা করুন। মানুষকে তাদের ভোট দেওয়ার সুযোগ দিন।’

প্রচারণায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, কেন্দ্রীয় নেতা শওকত আজম, বিএনপির প্রান্তিক জনশক্তি সম্পাদক অপর্ণা রায় দাস, মহানগর বিএনপি’র সদস্য সচিব আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলার আহ্বায়ক আবু সুফিয়ান, মহানগর আহবায়ক কমিটির যুগ্ন আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন, আহবায়ক কমিটির সদস্য গাজী মোহাম্মদ সিরাজুল্লাহ। এতে আরো উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।