সিপ্লাস প্রতিবেদক: কাজীর দেউড়িতে বিএনপির দলীয় কার্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশের সময় পুলিশ বক্সে হামলা ও ভাঙচুর মামলায় নগর বিএনপির আহ্বায়ক ডা.শাহাদাত হোসেনের ১৪ দিনের রিমান্ড আবেদন না মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (১৫ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের ভার্চুয়াল আদালতে শুনানি শেষে রিমান্ড আবেদন না মঞ্জুর করা হয়।
একই মামলায় কারাগারে থাকা মো. বেলাল উদ্দিন (২০) ও ইমাম হোসেন আবিরের (২৮) দুই দিনের রিমান্ড আদালত মঞ্জুর করেছেন।
ডা. শাহাদাত হোসেনের আইনজীবী ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট এএসএম বদরুল আনোয়ার জানান, ডা. শাহাদাত হোসেনের পুলিশ বক্সে হামলা ও ভাঙচুর মামলায় ৭ দিন করে দুই মামলায় ১৪ দিনের রিমান্ড আবেদন করেছিলেন মামলার তদন্ত কর্মকর্তা। বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি শেষে তার রিমান্ড নাকচ করেছেন।








