Site icon CPLUSBD.COM

শাহেদকে নিয়ে বিকেল ৩টায় ব্রিফিং করবে র‌্যাব

সিপ্লাস ডেস্ক: করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট, অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে অভিযুক্ত রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান ও রিজেন্ট হাসপাতালের মালিক শাহেদ করিম ওরফে মো. শাহেদকে গ্রেপ্তারের পর বিশেষ হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) সকাল ৯টায় শাহেদকে বহনকারী হেলিকপ্টারটি রাজধানীর পুরাতন বিমানবন্দরে অবতরণ করে। পরে সেখান থেকে নেওয়া হয় উত্তরায় র‌্যাবের সদর দপ্তরে।

এর আগে সকাল ৮টায় সাতক্ষীরা স্টেডিয়াম থেকে শাহেদকে নিয়ে রওনা দেয় র‍্যাবের হেলিকপ্টার।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ বলেন, গত ৯ দিন ধরে অনুসরণ করা হচ্ছিলো। শাহেদ ঘন ঘন অবস্থান পরিবর্তন করছিল। গত রাত থেকে তাকে অনুসরণ করে বুধবার ভোর ৫টা ১০ মিনিটে সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, বিকেল ৩টায় র‌্যাব সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরা হবে।

প্রসঙ্গত, টাকার বিনিময়ে করোনাভাইরাসের পরীক্ষা, মনগড়া রিপোর্ট দেওয়া ও রোগীদের কাছ থেকে টাকা আদায়ের মতো ঘটনায় গত ৬ জুলাই রিজেন্ট হাসপাতালে অভিযান চালায় র‍্যাব। রিজেন্ট হাসপাতালের দুটি শাখা সিলগালা করার পর ৭ জুলাই র‍্যাব-১ বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় ১৭ জনকে আসামি করে মামলা করে। মামলার প্রধান আসামি শাহেদ।