সিপ্লাস প্রতিবেদক: কর্ণফুলী থানাধীন শাহ্ আমানত সেতু এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ৩৮ লক্ষ ৮১ হাজার টাকা মূল্যের ৭,৭৬২ পিস ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৭। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) রাত ১১টা ২০ মিনিটের সময় র্যাব-৭ এর একটি আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানাধীন শাহ্ আমানত সেতু টোল প্লাজার সামনে থেকে তাদেরকে আটক করে বলে র্যাব ৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ নূরুল আবছারের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আটককৃত আসামীরা ১। মোঃ রাসেল মিয়া (৩৫), পিতা- আঃ আজিজ, সাং- গবরা কুতুবপুর, থানা- পীরগঞ্জ, জেলা- রংপুর এবং ২। মোঃ জাহিদ হাসান রাজিব (২২), পিতা- মোঃ আবুল কাশেম, সাং- ছোট রংপুর, থানা+জেলা- রংপুর।
র্যাব-৭ প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭ এর একটি আভিযানিক দল মহানগরীর কর্ণফুলী থানাধীন শাহ্ আমানত সেতু টোল প্লাজার সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে। পরে আটককৃত আসামীদের ব্যাপক জিজ্ঞাসাবাদে তাদের দেখানো ও সনাক্তমতে উক্ত মাইক্রেরাবাসের ড্রাইভিং সিটের নিচে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৭,৭৬২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামীদের গ্রেফতার করা হয় এবং উক্ত মাইক্রোবাসটি (রংপুর-চ- ১১-০০৬০) জব্দ করা হয়।
ব্যাপক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবত কক্সবাজারের বিভিন্ন ইয়াবা ব্যবসায়ীর কাছ থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে উক্ত মাদকদ্রব্য বিভিন্ন অভিনব কৌশলে রংপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করে আসছে। গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে।








