সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে আসা এক যাত্রীর কাছ থেকে জব্দ করা হয়েছে ৭ লাখ ৫৬ হাজার টাকা দামের বিদেশি সিগারেট।
এনএসআই বিমানবন্দর টিম মঙ্গলবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এসব সিগারেট জব্দ করে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সকাল ৭টা ১০ মিনিটে দুবাই থেকে বিমানের বিজি-১৪৮ ফ্লাইট অবতরণ করে শাহ আমানতে। তল্লাশিকালে ওই ফ্লাইটের যাত্রী চট্টগ্রামের লোহাগাড়ার আনিসুল ইসলামের ব্যাগেজ থেকে ২৫২ কার্টন মন্ড, ডানহিল ও ৩০৩ ব্রান্ডের সিগারেট পাওয়া যায়। প্রতি কার্টন সিগারেটের বাজারমূল্য ৩ হাজার টাকা হিসাব করলে এসব সিগারেটের দাম দাঁড়ায় ৭ লাখ ৫৬ হাজার টাকা।
বিমানবন্দর কাস্টমসের কাছে উদ্ধার করা সিগারেট জব্দ করে হস্তান্তর করা হয়েছে।








