নিউজটি শেয়ার করুন

শিক্ষকের জোরপূর্বক আপত্তিকর ছবি তুলে ছড়িয়ে দেয়ার ভয়, গ্রেফতার ২

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকার একটি কলেজের সাবেক শিক্ষকের জোরপূর্বক আপত্তিকর ছবি তুলে ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে নারীসহ দুজনকে গ্রেফতার করেছে খুলশী থানা পুলিশ। তারা হলেন- খুলশী থানার সেগুনবাগান ৮ নম্বর লেইনের সোহাগ কলোনির মো. রহমানের স্ত্রী  শাহিনা আক্তার প্রকাশ আইরিন নিসা (৩০) ও আকবর শাহ থানার নন্দন হাউজিং সোসাইটির আব্দুর জব্বারের ছেলে হুমায়ূন কবীর সুমন (৩৫)।

শুক্রবার (৯ মার্চ) ভোরে আকবর শাহ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ১ এপ্রিল কলেজের সাবেক ছাত্রী পরিচয় দিয়ে শাহিনা আক্তার প্রকাশ আইরিন নিসা নামে এক নারী ফোন করে দেখা করতে চান। ৪ এপ্রিল বেলা পৌনে ১২টার দিকে চট্টগ্রাম ডায়াবেটিস জেনারেল হাসপাতালের সামনে পরীক্ষা করতে যান ওই শিক্ষক। সেখানে শাহিনা আক্তার প্রকাশ আইরিন নিসা ফোন করে দেখা করার অনুরোধ করলে হাসপাতালের সামনে আসতে বলেন।

একটি সিএনজি অটোরিকশায় এসে আইরিন নিসা নিজেকে সাবেক ছাত্রী দাবি করে নানা সহযোগিতা কামনা করেন। এ সময় তিনজন পুরুষ ঘুষি দিয়ে প্রথমে রিকশায় তোলে, পরে জোর করে সিএনজিতে তুলে অজ্ঞাত একটি লিফটে করে বাসায় প্রবেশ করান। শিক্ষকের আপত্তিকর ছবি তুলে আইরিন নিসা। এ সময় ৫ লাখ টাকা দাবি করেন না হলে আপত্তিকর ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। এসময় সঙ্গে থাকা নগদ ১২ হাজার টাকা ছিনিয়ে নেন।

সম্মানের ভয়ে সিএনজি অটোরিকশা যোগে বাসায় ফিরে কাউকে কিছু না বলে ২ লাখ টাকার চেক দেন ওই শিক্ষক। সেই চেক দিয়ে ওআর নিজাম রোডের একটি বেসরকারি ব্যাংক থেকে বেলা ২টার দিকে টাকা তুলে নেওয়া হয়। পুনরায় শিক্ষকের কাছে ২ লাখ টাকা দাবি করে আইরিন নিশা। টাকা না দিলে আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।

খুলশী থানার ওসি মোহাম্মদ শাহীনুজ্জামান জানান, প্রতারণার মাধ্যমে কলেজশিক্ষকের আপত্তিকর ছবি তুলে ব্ল্যাকমেইল করার অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ভুক্তভোগী শিক্ষক বাদী হয়ে থানায় মামলা করেছেন। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।