নিউজটি শেয়ার করুন

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে হাইকোর্টে রিট

সিপ্লাস ডেস্ক: সারাদেশে বন্ধ থাকা সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে হাইকোর্টে রিট হয়েছে। গাজীপুরের ভাওয়াল মির্জাপুর পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল কাইয়ুম সরকারের পক্ষে বৃহস্পতিবার (২১ জানুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ফারুক আলমগীর চৌধুরী। এতে শিক্ষা সচিব ও শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

রিটে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধে গত ১৫ জানুয়ারি জারি করা সরকারের প্রশাসনিক আদেশ বেআইনি ঘোষণার নির্দেশনা চেয়ে রুল জারির আবেদন করা হয়েছে।

রিট আবেদনে বলা হয়েছে, করোনাভাইরাসের কারণে ২০২০ সালের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার। এরপর দফায় দফায় সেই ছুটি আরও বাড়ানো হয়। এ পর্যন্ত ১১ বার বন্ধের নোটিশ দিয়েছে সরকার। দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের ওপর বিরূপ প্রভাব পড়ছে। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা এ সময় বাইরে ঘোরাঘুরি করছে, টিভি দেখে সময় ব্যয় করছে। এছাড়া মোবাইল ব্যবহার করে খারাপ অভ্যাস হয়ে যাচ্ছে।

রিটকারীর আইনজীবী ফারুক আলমগীর চৌধুরী বলেন, ‘আগামী সপ্তাহে বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের বেঞ্চে শুনানি হবে।’

তিনি বলেন, ‘করোনার কারণে গত বছরের মার্চ থেকে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এ পর্যন্ত ১১ বার বন্ধের নোটিশ দিয়েছে সরকার। দীর্ঘদিন স্কুল, কলেজ বন্ধ থাকায় শিক্ষার্থীদের ওপর বিরূপ প্রভাব পড়ছে। সার্বিক অবস্থা বিবেচনা করে বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে নির্দেশনা চাওয়া হয়েছে রিটে।’

গত ১১ জানুয়ারি দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে সরকারের সংশ্লিষ্টদের প্রতি একটি আইনি নোটিশ পাঠানো হয়। কিন্তু সে নোটিশের জবাব না পাওয়ায় উক্ত রিট দায়ের করা হলো বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী।

মহামারি করোনা সংক্রমণের কারণে ২০২০ সালের ১৭ মার্চ থেকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। এরপর দফায় দফায় ছুটি আরও বাড়ানো হয়। সবশেষ ৩০ জানুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির মেয়াদ বাড়ানো হয়।