সিপ্লাস ডেস্ক: করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান কঠোরতম লকডাউনের কারণে ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের এবং ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট বিতরণ কার্যক্রম স্থগিত করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ বেলাল হোসাইন স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়, গত ১৩ জুলাই মন্ত্রীপরিষদ বিভাগের জারি করা বিধিনিষেধ সংক্রান্ত পরিপত্রের নির্দেশনার প্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের ষষ্ঠ থেকে নবম শ্রেণি ও ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য সপ্তাহভিত্তিক চলমান অ্যাসাইনমেন্ট বিতরণ কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।
আদেশে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সব অঞ্চলের উপ পরিচালক, জেলা শিক্ষা অফিসার, উপজেলা ও থানা শিক্ষা অফিসার এবং অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেয়া হয়েছে।

