নিউজটি শেয়ার করুন

শিল্পী কুমার বিশ্বজিতের আত্নীয়ের সাথে অশালীন আচরণের অভিযোগ ওসির বিরুদ্ধে

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ফিরোজ হোসেন মোল্লার বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ করেছে এক ভুক্তভোগী পরিবার।

বৃহস্পতিবার দুপুরে সীতাকুণ্ড প্রেসক্লাব মিলনায়তনে এমন অভিযোগ করেছেন উপজেলা কেন্দ্রীয় মহাশ্মশান কমিটির সাবেক সাধারণ সম্পাদক দিলীপ কুমার দে।

তবে সকল অভিযোগ অস্বীকার করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ফিরোজ হোসেন মোল্লা। এদিকে স্বজনদের নিজেদের মধ্যে জায়গাজমি সংক্রান্ত বিরোধে নাম জড়ানোয় ক্ষোভ প্রকাশ করেছেন প্রখ্যাত কন্ঠশিল্পী কুমার বিশ্বজিত।

সংবাদ সম্মেলনে দিলীপ কুমার দে অভিযোগ করেন, তাদের বাড়ির একটি জায়গা নিয়ে বিরোধ চলছিল তাদের জেঠাতো ভাইদের সঙ্গে। এ বিষয়ে দুই দফা বৈঠকের পরও ১৪৫ ধারার মামলা করে তার ভাবি তাপসী রানী দে। ওই ঘটনায় তিনিসহ পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ। এঘটনার পর স্থানীয় একটি অনলাইন পোর্টালে প্রখ্যাত কন্ঠশিল্পী কুমার বিশ্বজিতের জায়গা দখলকে কেন্দ্র করে মুক্তি দে সহ সাত জন গ্রেপ্তার শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে।

দিলীপ কুমার দে বলেন, ‘আমাদের থানায় নিয়ে গিয়ে ওসি ফিরোজ হোসেন মোল্লা আমাদের কিছু জিজ্ঞেস না করে উচ্চস্বরে গালি দেন ‘কুত্তার বাচ্ছাদের চালান দিয়ে দাও’। ওনি দাড়িয়ে থেকে ইয়াবার আসামিদের সঙ্গে আমাদের ছবি তোলেন। আমরা কি মাডার কেসের আসামি ?’ প্রতিপক্ষ থেকে উৎকোচ নিয়ে অতিউৎসাহী হয়ে ওসি তাদের হয়রানি করেছে বলে অভিযোগ করেন তিনি।

জানতে চাইলে ওসি ফিরোজ হোসেন মোল্লা বলেন, শান্তি শৃঙ্খলা ভঙ্গের অপরাধে তাদের গ্রেপ্তার করা হয়। ওই আসামিদের সঙ্গে তার দেখাও হয়নি। তাদের সকল অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।

এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে কন্ঠশিল্পী কুমার বিশ্বজিত মুঠোফোনে বলেন, যে জায়গা নিয়ে তাদের স্বজনদের বিরোধ সেখানে তার কোন জায়গা নেই। তিনি এ বিষয়ে কাউকে অভিযোগও করেনি। তাকে জড়িয়ে সংবাদ প্রেরণ করে কেউ সুবিধা নিতে চাই।