সিপ্লাস ডেস্ক: রোববার (১ আগস্ট) থেকে খোলা থাকবে গার্মেন্টসসহ রফতানিমুখী শিল্প-কারখানা স্বাস্থ্যবিধি মেনে । মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে শুক্রবার (৩০ জুলাই) এ তথ্য জানানো হয়েছে।
এতে উল্লেখ করা হয়, ১ আগস্ট (রোববার) সকাল ৬টা থেকে সার্বিক পরিস্থিতি বিবেচনায় রফতানিমুখী সব শিল্প ও কলকারখানা বিধিনিষেধের আওতা বহির্ভূত রাখা হলো।
এর আগে বৃহস্পতিবার (২৯ জুলাই) ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজ (এফবিসিসিআই) মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করে দ্রুত দেশের রফতানিখাতসহ সব উৎপাদনমুখী শিল্প-কারখানা স্বাস্থ্যবিধি মেনে খুলে দেওয়ার দাবি জানায়।
ওই দিন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন গণমাধ্যমে বলেন, করোনায় বিধিনিষেধের আওতায় সব শিল্প-কারখানা বন্ধ রাখায় অর্থনৈতিক কার্যক্রমের প্রাণশক্তি উৎপাদন কার্যক্রম বন্ধ । ফলে সাপ্লাই চেইন (সরবরাহ ব্যবস্থা) সম্পূর্ণভাবে ভেঙে যাওয়ার উপক্রম। এতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত সবাই ক্ষতিগ্রস্ত।
উল্লেখ্য, করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকার গত ২৩ জুলাই থেকে কঠোর বিধিনিষেধ আরোপ করে। যা ৫ আগস্ট পর্যন্ত চলবে। বিধিনিষেধ চলাকালে বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছিল দেশের সব শিল্প-কারখানা।









good job