সিপ্লাস প্রতিবেদক: নগরীর বায়েজিদ এলাকায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার(২৯মে) দুপুরে নগরীর বায়েজিদ বোস্তামী থানার বার্মা কলোনিতে এ ঘটনা ঘটে।
আটক সাদ্দাম (২৮) পেশায় রিকশাচালক। তার বাড়ি খাগড়াছড়ির পানছড়িতে; থাকেন নগরীর বায়েজিদ থানার বাংলা বাজার এলাকায়।
বায়েজিদ বোস্তামী থানার ওসি মো. কামরুজ্জামান জানান, শিশুটির বাবাও রিকশা চালক ও মা পোশাক শ্রমিক।
“দুপুরে শিশুটি প্রতিবেশী অন্য শিশুদের সঙ্গে খেলছিল। এসময় সাদ্দাম তাকে ‘সাজিয়ে দেয়ার’ কথা বলে বাসায় নিয়ে ধর্ষণের চেষ্টা করে। শিশুটি চিৎকার করলে সাদ্দাম পালিয়ে যায়। পরে ওই শিশুর বাবা ও প্রতিবেশীরা ঘটনা জানতে পেরে পুলিশকে খবর দেয়।”
ওসি বলেন, পরে ওই এলাকায় পুলিশের একটি টহল দল সাদ্দামকে আটক করে থানায় নিয়ে আসে।
এ ঘটনায় শিশুটির বাবা ধর্ষণ চেষ্টার মামলা করেছেন বলে জানান ওসি কামরুজ্জামান।








