Site icon CPLUSBD.COM

শীর্ষ মাদক বিক্রেতা অনুপ বিশ্বাস’র গায়ে মুজিব কোট ; চসিক নির্বাচনের কাউন্সিলর প্রার্থী !

আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ৩৪ নং পাথরঘাটা ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রার্থী হচ্ছেন নগরীর শীর্ষ মাদক ব্যবসায়ী অনুপ বিশ্বাস৷

নির্বাচনে অংশ নিতে আলোচিত এই মাদক বিক্রেতা মুজিব কোট গায়ে দিয়ে ব্যাপক প্রচারণা চালাচ্ছে ৷

ওয়ার্ড আওয়ামী লীগের নুন্যতম সদস্য না হয়েও মুজিব কোট গায়ে দিয়ে অনুপ বিশ্বাসের প্রচারণা দেখে স্থানীয় আওয়ামী লীগ নেতারা বিব্রত বোধ করছেন।

নগরীর ফিশারিঘাট এলাকায় অনুপ বিশ্বাসের মাদকের আস্তানা থেকে সারা শহরে দেশী মদ সরবরাহের অভিযোগ ওঠায় ২০১৯ সালের আগষ্ট মাসে অভিযানে নামে র‍্যাব-৭। সেই অভিযানে একরাতের অনুপের আস্তানা থেকে মাতাল অবস্থায় ৪৫ জনকে আটক করেছে র‌্যাব। সেসময় প্রায় ৩০ হাজার লিটার বাংলা মদ উদ্ধার করে র‍্যাব-৭।

তবে বিপুল অর্থবিত্তের মালিক অনুপ বিশ্বাস সবাইকে ম্যানেজ করে দিব্যি দিনরাত মাদক ব্যবসা চালিয়ে আসছে। আর সেই কুখ্যাত অনুপ বিশ্বাস এখন রীতিমতন মুজিব কোট পড়ে কাউন্সিলর প্রার্থী হয়ে প্রচারনা চালাচ্ছেন।

অনুপ বিশ্বাস অর্থের জোরে বঙ্গবন্ধু সাংষ্কৃতিক জোটের একাংশের পদ ব্যবহার করে নিজেকে আওয়ামী লীগ নেতা হিসেবে পরিচয় দিলেও আসন্ন চসিক নির্বাচনে সে আওয়ামী লীগ থেকে কোন প্রকার মনোনয়নই চায়নি।

অনুপ বিশ্বাস স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য নয় বলে জানিয়েছেন ৩৪নং পাথরঘাটা ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক আবু মো: আবছার উদ্দিন চৌধুরী।

তিনি সিপ্লাসকে বলেন, আমাদের ওয়ার্ড থেকে যাকে দল মনোনয়ন দিয়েছে সেই আমাদের প্রার্থী।  অনুপ বিশ্বাস আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন না ফলে তাকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী গন্য করার সুযোগ নেই৷

সরেজমিন পাথরঘাটা এলাকা ঘুরে সর্বত্র অনুপ বিশ্বাসের ব্যাপক প্রচারণা যেকারো নজর কাড়ছে৷ মুজিব কোট পরিহিত শীর্ষ এই মাদক বিক্রেতার এমন প্রচারণা দেশে বিষ্মিত স্থানীয় বাসিন্দারা।

জানা গেছে অনুপ বিশ্বাসের সেকেন্ড ইন কমান্ড সাগর দাশ প্রায় প্রতিরাতে বিভিন্ন মহল্লায় বিশেষ করে হিন্দু অধ্যুষিত পাড়ায় কিশোর যুবকদের অনুপের পক্ষে কাজ করতে নগদ অর্থের পাশাপাশি বিনামূল্যে মদ খাওয়ানোর অফার দিচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক যুবক সিপ্লাসকে বলেন, সাগরই অনুপ বিশ্বাসের হয়ে সব কিছু ম্যানেজ করার কাজ করে৷ প্রতিরাতে সাগর স্থানীয়দের বিনামূল্যে মদ বিলি করছে। নির্বাচনে অনুপ বিশ্বাসকে জয়ী করতে কয়েক কোটি টাকা বাজেট করা হয়েছে বলে এলাকায় প্রচার আছে। একাধিক মামলার আসামী সাগর বাহিনীর হাতে প্রায় সময় বিদেশী পিস্তল সহ নানান অস্ত্র দেখা যায় ফলে অনুপ বিশ্বাসকে ভোটে জেতাতে এলাকায় যেকোন অঘটন ঘটার আশংকা করছে এলাকাবাসী।

জানা গেছে ইতিপূর্বে চট্টগ্রাম-৯ (কোতয়ালী-বাকলিয়া) আসনে জাতীয় পার্টির জিয়াউদ্দিন আহমেদ এমপি নির্বাচিত হলে অনুপ বিশ্বাস নিজেকে জাতীয় পার্টির নেতা হিসেবে পরিচয় দিতেন৷ সেই সময় জিয়াউদ্দিন বাবলুর সাথে অনুপ বিশ্বাসকে ছায়ার মতন পাশে থাকতে দেখা যেতো। সেই সময়ের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনে অনুপ জাতীয় পার্টির সমর্থনে কাউন্সিলর নির্বাচনে অংশ নিয়ে ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে সেই নির্বাচনে পাথরঘাটাবাসি অনুপ বিশ্বাসকে প্রত্যাখ্যান করেছিলো। এরপর অনুপ বিশ্বাস বর্তমান মেয়র আ জ ম নাছিরের পিছু নেন। বিপুল অর্থ খরচ করে মেয়র নাছিরের সুনজরে এসে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (সিজেকেএস) নির্বাহী সদস্য বনে যান শীর্ষ মাদক বিক্রেতা অনুপ বিশ্বাস। নিজেকে বিশিষ্ট ক্রিড়া সংগঠক পরিচিতি দিতে অনুপ বিশ্বাস তার নিজ নামে একাধিক টুর্ণামেন্টের স্পন্সর হয়।

তবে দিন দিন অনুপ বিশ্বাসের মাদক সাম্রাজ্য নিয়ে সংবাদ প্রচার হতে থাকলে মেয়র নাছির তাকে সরিয়ে দেন।

এবার সেই অনুপ বিশ্বাস মুজিব কোট গায়ে দিয়ে নিজেকে আওয়ামী লীগ নেতা পরিচয় দিয়ে কাউন্সিলর পদে নির্বাচন করছেন৷