সিপ্লাস প্রতিবেদক: ঈদের ছুটির আগমুহূর্তে কর্মব্যস্ততার সুযোগ কাজে লাগিয়ে চট্টগ্রাম বন্দর দিয়ে প্রায় ৯০ লাখ টাকা শুল্ক ফাঁকি দিয়ে আনা উচ্চ মূল্যের ১৯টন প্রসাধন সামগ্রী আটক করেছে কাস্টমস কতৃপক্ষ।
মেশিন ও গাড়ির যন্ত্রাংশ ঘোষণায় আমদানি করা এসব উচ্চ শুল্ক ও উচ্চমূল্যের প্রসাধন সামগ্রী আমাদানি করা হয়েছে।
কাস্টম হাউসের অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) শাখার সহকারী কমিশনার নূর এ হাসনা সানজিদা অনসূয়া জানান, ঢাকার ছ-৭৫/সি/১, উত্তর বাড্ডার আমদানিকারক এনবিএম করপোরেশন চীন থেকে মেশিন ও গাড়ির যন্ত্রাংশ ঘোষণা দিয়ে একটি পণ্যচালান আমদানি করে। যা খালাসের জন্য গত ২৯ জুলাই সিঅ্যান্ডএফ প্রতিনিধি চট্টগ্রামের ১৪৭ সুগন্ধার জেজে অ্যাসোসিয়েটস কাস্টম হাউসে বিল অব এন্ট্রি ( সি-১০৪৮৭৬১) দাখিল করে।
কায়িক পরীক্ষায় প্রায় ৯০ লাখ টাকা শুল্কফাঁকির বিষয়টি উদঘাটন করেন কাস্টম কর্মকর্তারা।
তিনি জানান, শুল্ক ফাঁকির বিষয়ে মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে এবং জাল-জালিয়াতির ঘটনা ঘটেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।








