Site icon CPLUSBD.COM

‘শেখ রেহেনার অন্তহীন সাপোর্টে দেশরত্ন শেখ হাসিনা আজ সফল রাষ্ট্রনায়ক’

ওবায়দুল কাদের (ফাইল ছবি)

সিপ্লাস ডেস্ক: বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহেনার ৬৭তম জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পক্ষ থেকে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রাণঢালা অভিনন্দন, শুভেচ্ছা ও শ্রদ্ধা জানিয়েছেন।

সোমবার (১৩ সেপ্টেম্বর) সকালে ওবায়দুল কাদের তার বাসভবনে ব্রিফিংকালে এ শুভেচ্ছা জানান।

তিনি বলেন, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর এক কঠিন এবং সংগ্রামী জীবনযাপন করেছিলেন বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহেনা। সরাসরি রাজনীতিতে না এলেও বড় বোন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সার্বক্ষণিক অনুপ্রেরণা হয়ে আছেন এ নির্মোহ এবং জনহিতৈষী ব্যক্তিত্ব।

ওবায়দুল কাদের বলেন, সাদামাটা জীবনযাপনে অভ্যস্ত শেখ রেহেনা লন্ডনে মেট্রো ও বাসে যাতায়াত করেন। চাকরি এবং পরিশ্রম করেই সন্তানদের মানুষ করেছেন তিনি। শেখ রেহেনার সন্তানরা আজ আন্তর্জাতিক মানের ক্যারিয়ার গঠন করেছেন, টিউলিপ সিদ্দিক বর্তমানে ব্রিটিশ পার্লামেন্টে লেবার পার্টির সদস্য।

তিনি বলেন, শেখ রেহেনার ত্যাগ, প্রেরণা এবং অন্তহীন সাপোর্টে দেশরত্ন শেখ হাসিনা আজ সফল রাষ্ট্রনায়ক। রত্নাগর্ভা মা শেখ রেহেনার বড় ছেলে রেদোয়ান মুজিব সিদ্দিক ববি একটি আন্তর্জাতিক সংস্থায় কাজ করেন এবং কনিষ্ঠ কন্যা আজমিকা সিদ্দিক রুপন্তি লন্ডনে Global Risk Analyser হিসেবে কাজ করছেন।

সংকটে, সংগ্রামে বঙ্গমাতা বেগম মুজিব ছিলেন বঙ্গবন্ধুর সহযোদ্ধা, প্রেরণা ও শক্তির উৎস। ঠিক তেমনি শেখ রেহেনাও পর্দার অন্তরালে থেকে শক্তি ও সাহস যুগিয়ে যাচ্ছেন বড় বোন শেখ হাসিনাকে। এ কথা উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, বঙ্গমাতা বঙ্গবন্ধুর জীবনে যে ভূমিকা পালন করেছিলেন, শেখ রেহেনাও সে ভূমিকা পালন করে যাচ্ছেন বড় বোন শেখ হাসিনার জীবনে। প্রচারবিমুখ শেখ রেহেনা কখনো লাইম-লাইটে আসেন না। দেশ, জাতি ও গণতন্ত্রের জন্য নীরবে কাজ করে যাচ্ছেন।