Site icon CPLUSBD.COM

‘শেখ হাসিনাকে নোবেল বঞ্চিত করতে আবরার হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে’

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নোবেল শান্তি পুরস্কার থেকে বঞ্চিত করতে কিংবা চলমান শুদ্ধি অভিযানকে প্রশ্নবিদ্ধ করতেই বুয়েটে আবরার হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দীন। অতি উৎসাহীরা এই কাজ করেছেন বলেও জানান তিনি।

শনিবার (১২ অক্টোবর) বিকেলে নগরীর হালিশহর এলাকায় আওয়ামী লীগের এক মত বিনিময় সভায় চট্টগ্রামের মেয়র নাছির উদ্দীন এসব কথা বলেন। নগরীর ৩৭, ৩৮, ৩৯, ৪০ ও ৪১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মেয়র বলেন, ঢাকায় আবরার হত্যাকাণ্ড অবশ্যই দুঃখজনক। তাঁকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। রাজনীতিতে কোনো ঘটনাই এমনি এমনি ঘটে না। আবরারকে খুন করার জন্য তো কোনো দলীয় নির্দেশনা ছিল না। তারা অতি উৎসাহী হয়ে এ কাজ করেছে। এখন খুঁজে বের করতে হবে এর পেছনে কারা আছে।’

তিনি বলেন, ‘শান্তিতে নোবেল প্রাইজ পাওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামটিও সক্রিয়ভাবে বিবেচনায় ছিল। যেদিন নোবেল কমিটি নোবেল প্রাইজ ঘোষণার জন্য বসেছে, সেদিন কিন্তু এ কাজটি হয়েছে। এখানে ষড়যন্ত্র, চক্রান্ত থাকতে পারে। যাতে উনি নোবেল প্রাইজটা না পান।’

আবরার হত্যার পর প্রধানমন্ত্রী দ্রুত ব্যবস্থা নিয়েছেন উল্লেখ করে মেয়র নাছির বলেন, কাউকে বাদ দেওয়া হয়নি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আর কী করতে পারে। স্বরাষ্ট্রমন্ত্রী নিজে বলেছেন, দ্রুত সময়ের মধ্যে অভিযোগপত্র দেওয়া হবে। তারপরও এটি নিয়ে রাজনীতি হচ্ছে।

শিবির-ছাত্রদলকে ইঙ্গিত করে মেয়র আ জ ম নাছির বলেন, একই গোষ্ঠী আন্দোলন করছে। কোটা আন্দোলনে প্রমাণ হয়েছে, এগুলো করা করেছে। শিবির-ছাত্রদলের নেতা-কর্মীরা সম্পৃক্ত ছিল। এটাতেও তাই হচ্ছে।

মেয়র চট্টগ্রামে চলমান উন্নয়ন কর্মকাণ্ডে জনগণের দুঃখ দুর্দশার কথা উল্লেখ করে বলেন, ‘এটা হলো উন্নয়নের প্রসব বেদনা। সারা শহরে হাজার হাজার কোটি টাকার উন্নয়ন কাজ হচ্ছে।’ এসময় একটু ধৈর্য ধারণের জন্য সবার প্রতি আহ্বান জানান।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম সুজনের সভাপতিত্বে মত বিনিময় সভায় আরও বক্তব্য দেন- চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ, ধর্ম বিষয়ক সম্পাদক জহুর আহমদ প্রমুখ।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম বন্দর, ওয়াসা, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রকৌশলী ও কর্মকর্তারাও।