Site icon CPLUSBD.COM

শেয়ারবাজারে বড় দরপতন

সিপ্লাস ডেস্ক: শেয়ারবাজারে বড় দরপতন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার মূল্যসূচক ১৪২ পয়েন্ট পড়েছে। এতে একদিনে ডিএসইর বাজারমূলধন কমেছে ১০ হাজার কোটি টাকা।

আর বড় মূলধনের কোম্পানির শেয়ারের দাম বেশি কমেছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, শীর্ষ কয়েকটি ব্রোকারেজ হাউজ থেকে শেয়ার বেশি বিক্রি করা হয়েছে। আর বিক্রির কারণ খতিয়ে দেখছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, দরপতন দিয়েই এদিন লেনদেন শুরু হয়। শেষ সময় পর্যন্ত পতন অব্যাহত ছিল। দিনশেষে রোববার ডিএসইতে ৩৫৩টি কোম্পানির ১৮ কোটি ৭০ লাখ শেয়ার লেনদেন হয়েছে।

যার মোট মূল্য ৭৭১ কোটি ৫২ লাখ টাকা। এরমধ্যে দাম বেড়েছে ৪৩টি কোম্পানির শেয়ারের, কমেছে ২২৪টি এবং অপরিবর্তিত রয়েছে ৮৬টির। ডিএসইর ব্রড সূচক আগের দিনের চেয়ে ১৪২ পয়েন্ট কমে পাঁচ হাজার ৫০৪ পয়েন্টে নেমে এসেছে। ডিএসই-৩০ মূল্যসূচক ৮২ পয়েন্ট কমে দুই হাজার ৯১ পয়েন্টে নেমে এসেছে।

ডিএসই শরীয়াহ সূচক ২৫ পয়েন্ট কমে এক হাজার ২৩৫ পয়েন্টে নেমে এসেছে। ডিএসইর বাজারমূলধন আগের দিনের চেয়ে ১০ হাজার কোটি টাকা কমে চার লাখ ৬৯ হাজার কোটি টাকায় নেমে এসেছে। ডিএসইতে এদিন যেসব কোম্পানির শেয়ার বেশি লেনদেন হয়েছে সেগুলো হলো বেক্সিমকো লিমিটেড, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, লংকা-বাংলা ফাইন্যান্স, রবি অজিয়াটা, বেক্সিমকো ফার্মা, মীর আখতার, বিডি ফাইন্যান্স, এলএইচবিএল, সামিট পাওয়ার এবং ইপিজিএল।

যেসব প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেশি বেড়েছে সেগুলো হলো মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, প্রাইম ইন্স্যুরেন্স, মতিন স্পিনিং, তাকাফুল ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স, বীকন ফার্মা, সোনার বাংলা ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স এবং ইসলামি ইন্স্যুরেন্স কোম্পানি।