Site icon CPLUSBD.COM

শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে, রাতের তাপমাত্রা কমবে

সারাদেশে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ আরও দুদিন অব্যাহত থাকবে। এছাড়া আজ রাতেও তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

শনিবার (২৮ ডিসেম্বর) আবহাওয়াবিদ আব্দুর রহমান বলেন, শৈত্যপ্রবাহ তো চলছেই। আজকে (শনিবার) শৈত্যপ্রবাহ চলেছে, কালকেও চলবে, পরশুদিনও থাকবে। এটাই চলমান থাকবে। আজকে ঢাকাসহ মধ্যাঞ্চলে তাপমাত্রা কিছুটা নেমে এসেছে, সেটা আরও একটু নেমে (কমে) আসতে পারে।

তিনি আরও বলেন, ঢাকায় তাপমাত্রা ১৩ দশমিক ৩ ডিগ্রিতে নেমেছে। আরও ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যেতে পারে।

আবহাওয়াবিদ মনোয়ার আহমেদ বলেন, আরও দুই থেকে তিনদিন একই রকম অবস্থা বিরাজ করবে। তারপর হয়তো তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে। কিন্তু শীতের অনুভূতি থাকবেই। ১ থেকে ২ জানুয়ারি দেশের কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপর আবার একটু তাপমাত্রা কমতে পারে।

এদিকে শনিবার সকাল ৭টা পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়া উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।