সিপ্লাস প্রতিবেদক: গার্মেন্টসসহ শিল্প-কারখানার শ্রমিকদের কর্মস্থলে ফেরার সুবিধার্থে রবিবার (১ আগস্ট) দুপুর ১২টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে সব ধরণের গণপরিবহন চালুর সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
শনিবার(৩১ জুলাই) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছে তথ্য অধিদপ্তর।
এদিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কতৃপক্ষ(বিআইডব্লিউটিএ) জানিয়েছে, রবিবার দুপুর ১২ টা পর্যন্ত দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সব জেলায় এবং শিমুলিয়া-বাংলাবাজার, পাটুরিয়া-দৌলতদিয়া নৌ রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল করবে। শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক।
শনিবার এক বিবৃতিতে মালিক সংগঠনের নেতা ফারুক হাসান কারখানা মালিকদের উদ্দেশ্যে বলেন, বিধি নিষেধ পুরোপুরি প্রত্যাহার না হওয়া পর্যন্ত গ্রামে অবস্থানরত কোন শ্রমিক -কর্মচারী কাজে যোগদান করতে না পারলে তার বিরুদ্ধে কোন ধরণের ব্যবস্থা নেয়া যাবেনা। কারাখানার আশেপাশে অবস্থানরত শ্রমিকদের নিয়ে উৎপাদন কার্যক্রম পরিচালনার জন্য সদস্যদের আহ্বান জানাচ্ছি।
এর আগে শুক্রবার(৩০ জুলাই) বিকালে মন্ত্রিপরিষদ বিভাগের উপ সচিব রেজাউল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়, ১ আগষ্ট(রবিবার) থেকে গার্মেন্টসসহ রফতানিমুখি শিল্প কারখানা স্বাস্থ্য বিধি মেনে খোলা থাকবে।
এ ঘোষণার পরিপ্রেক্ষিতে আজ(শনিবার) সকাল থেকেই নগরমূখি শ্রমিকদের ঢল নামে।

