নিউজটি শেয়ার করুন

সংবাদ প্রকাশের জের: ফটিকছড়িতে কৃত্রিম গুহার জুয়ার আসরটি গুড়িয়ে দিয়েছে পুলিশ

সিপ্লাস ডেস্ক: চট্টগ্রামের বহুল প্রচারিত সিপ্লাসে সংবাদ প্রকাশের পাঁচ দিনের মাথায় ফটিকছড়ি উপজেলার রোসাংগিরী ইউনিয়নের হালদা চরের আলোচিত কৃত্রিম গুহার সেই জুয়ার আসরটি গুড়িয়ে দিয়েছে পুলিশ।

জুয়ার আস্তানার সন্ধান এবার রোসাংগিরীতে’ এ শিরোনামে ১৩ মে সিপ্লাসে সংবাদ প্রকাশিত হলে নড়েচড়ে বসে ফটিকছড়ি থানা পুলিশ।

আজ ১৮ মে মঙ্গলবার বিকালে জুয়া খেলায় ব্যবহৃত সরঞ্জামাদিসহ সেই কৃত্রিম গুহার আস্তানাটি আগুন দিয়ে জ¦ালিয়ে ধ্বংস করে দেয়া হয়। এ সময় হালদা চরের আরো কয়েকটি জুয়ার আসর গুড়িয়ে দেয় পুলিশ।

এদিকে অভিযান চালিয়ে জুয়ার আসর গুলো গুড়িয়ে দেওয়াতে স্বস্তি প্রকাশ করেছে এলাকাবাসী। ভবিষ্যতে কেউ যাতে এলাকায় এ ধরণের অপতৎপরতা চালাতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে দাবী জানিয়েছে সাধারণ মানুষ। বিগত কয়েক বছর ধরে হালদার নির্জন চরসহ ইউনিয়নের বেশ কয়েকটি স্থানে নিয়মিত চলে আসছিল জুয়ার আসর। এ জুয়ার আসরে রোসাংগিরী ছাড়াও আশপাশের এলাকা থেকে জুয়াড়িরা এসে খেলায় অংশ নিত।

ফটিকছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) ইলিয়াস হোসেনের নেতৃত্বে এ অভিযানে উপস্থিত ছিলেন ইউপি সচিব জাকারিয়া সিকদার, ইউপি সদস্য রাজিব চৌধুরী ও এম.এ আকবর।

এ বিষয়ে ফটিকছড়ি থানার এস.আই ইলিয়াস হোসেন বলেন, এলাকায় নিয়মিত পুলিশী টহল অব্যাহত আছে। তবে হালদার চর এলাকাটি নির্জন ও যোগাযোগ ব্যবস্থা অনুন্নত হওয়ায় জুয়াড়িরা সম্ভবত এ স্থানকে নিরাপদ হিসেবে বেঁচে নিয়েছে। গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর দেরি না করে আমরা এ জুয়ার আস্তানাটি ধ্বংস করে দিয়েছি। আগামীতে এলাকায় যাতে এ ধরণের কর্মকাণ্ড হতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।