আনোয়ারা প্রতিনিধি : ‘আনোয়ারায় নবনির্মিত উপজেলা পরিষদ কমপ্লেক্স কাম কমিউনিটি হলে উদ্বোধনের আগেই ফাটল’ এমন শিরোনামে সিপ্লাসে সংবাদ প্রকাশের দুই ঘন্টার মধ্যে উপজেলা প্রকৌশলীর নির্দেশে ফাটলকৃত দেয়ালগুলো ভেঙে ফেলেছেন ঠিকাদার।
জানা যায়, প্রায় সাড়ে ছয় কোটি টাকা ব্যয়ে একটি অত্যাধুনিক ও বিভিন্ন সুযোগ সুবিধা সম্পন্ন আনোয়ারায় উপজেলা পরিষদ কমপ্লেক্স কাম কমিউনিটি হল নির্মাণের কাজ শুরু হয়।
এ দুটি ভবনের নির্মাণ কাজটি পেয়েছেন আবুল বশর নামের একটি ঠিকাদার প্রতিষ্ঠান।
এদিকে এত বিপুল অংকের নির্মাণ কাজ যেই ঠিকাদার কাজ পেয়েছেন তিনি নির্মাণ কাজ করেননি। ঠিকাদার আবুল বশর তার ভাই ঠিকাদার জসিমকে দিয়ে এই কাজটি করিয়েছেন বলে অনুসন্ধানে জানা গেছে।

এই দুটি বিল্ডিংয়ের নির্মাণ কাজ শেষ পর্যায়ে। আগামী এক মাস পর এই দুটি বিল্ডিংয়ের উদ্বোধন করা হবে বলে জানা গেছে।
কিন্তু উদ্বোধনের আগেই কমিউনিটি হলের বিভিন্ন স্থানে ফাটল সৃষ্টি হয়।

বিষয়টি নিয়ে সিপ্লাসে সংবাদ প্রকাশ করলে উপজেলাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি করে এবং বিষয়টি এলজিইডি বিভাগে তোলপাড় সৃষ্টি হয়। ফলে তৎক্ষনাৎ আনোয়ারা উপজেলা প্রকৌশলী তসলিমা জাহান সাব ঠিকাদার জসীম উদ্দীনকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তাদের উপস্থিতিতে ফাটল ধরা দেয়ালগুলো লোকাল শ্রমিকদের দিয়ে ভেঙে ফেলে৷ সে সাথে দ্রুত ভেঙ্গে ফেলা দেয়ালগুলো পূণরায় নির্মাণ করার নির্দেশ প্রদান করেন। তবে সংবাদ প্রকাশের পরে ফাটল ধরা দেয়ালগুলো ভেঙ্গে ফেললেও ভবন নির্মাণে অনিয়ম হয়েছে কিনা সেটা খতিয়ে দেখার জন্য দাবি জানিয়েছেন আনোয়ারার সচেতন জনসাধারণ।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী তসলিমা জাহান জানান, রিপোর্ট প্রকাশের পরে থেকে উর্ধ্বতন মহলের বেশ চাপ সৃষ্টি হয় এজন্য দ্রুত ঘটনাস্থলে গিয়ে ঠিকাদারকে সাথে নিয়ে ফাটল ধরা দেয়ালগুলো ভেঙ্গে ফেলি। এখনো কাজ বুঝিয়ে দেইনি ঠিকাদার দেওয়ালগুলো নতুন করে তৈরি করে দিবে।








